ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন, কারণ নিয়ে তদন্ত
আগুনে সেরেস্তা কক্ষে থাকা নথিপত্র পুড়ে গেছে।
ময়মনসিংহের হালুয়াঘাট থানার ভেতরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে থানার সেরেস্তা কক্ষে থাকা নথিপত্র পুড়ে গেছে।
আগুনের কারণ জানতে জেলা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার গভীর রাতে থানার সেরেস্তা কক্ষে এ আগুন লাগে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম।
তিনি বলেন, এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকেও আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “খবর পেয়ে সিআইডির একটি দলসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডি সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কথা জানিয়েছে।”
তিনি বলেন, “আগুনটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা জানতে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।”
রোববার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত কক্ষ ঘুরে দেখেন এবং ঘটনার খোঁজখবর নেন।
