নওগাঁয় নাইট ডিউটির রোস্টার নিয়ে নার্সে-নার্সে মারামারি
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট ডিউটির রোস্টার নিয়ে বিরোধের জেরে এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই সহকর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ।
ঘটনায় আহত সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভিন তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্য দুই নার্স হলেন- শিল্পী আক্তার ও তার বোন লিপি আক্তার। তারা দুজনই ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাসের শুরুতে নাইট ডিউটির রোস্টার নিয়ে শাহানাজ ও শিল্পীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে ঘটনার দিন শিল্পীর বোন লিপি হাসপাতালে আসেন। পরে দুই বোন মিলে শাহানাজকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
শাহানাজ পারভিন বলেন, নাইট ডিউটি নিয়ে কথা-কাটাকাটির জেরে শিল্পী ও তার বোন তাকে মারধর করেন। এতে তার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিল্পী ও লিপি। তাদের দাবি, শাহানাজ তাদের সঙ্গে খারাপ আচরণ ও গালাগাল করেন। ঘটনার দিন এ বিষয়ে জানতে গেলে শাহানাজই তাদের ওপর হামলা করেন। এ ছাড়া তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তারা। এ ঘটনায় তারাও থানায় অভিযোগ দিয়েছেন।
বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফারহানা বলেন, ঘটনার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ বলেন, তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
