১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে আগুনের ঘটনা ‘লঘু’ করে দেখানোর চেষ্টায় ‘বেশি কষ্ট পেয়েছি’: সংসদে নুসরাত

“সংসদে দাঁড়িয়েই তদন্ত চলাকালে যে ধরনের কথা হয়েছে, তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান।”

বাড়িতে আগুনের ঘটনা ‘লঘু’ করে দেখানোর চেষ্টায় ‘বেশি কষ্ট পেয়েছি’: সংসদে নুসরাত

এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 07:59 PM

Updated : 15 Nov 2026, 07:59 PM

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে আগুনের ঘটনার তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় সংসদে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

এ ঘটনাকে ‘লঘু’ করে দেখানোর চেষ্টায় ‘বেশি কষ্ট পেয়েছেন’ তুলে ধরার পাশাপাশি তদন্ত শেষ হওয়ার আগেই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য।

এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই তিনি নিজের ফেইসবুকে পোস্ট লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।”

সংসদে নুসরাত বলেন, “এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুইবার আহত হয়েছি। প্রথমবার আমি যখন দেখেছি যে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আর দ্বিতীয়বার যখন আমি দেখেছি এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মী ব্যক্তিরা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখার বা দেখানোর চেষ্টা করেছে।”

তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তা কীভাবে ঘটেছে, কারা করেছে এবং কেন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা সবচেয়ে জরুরি।

কিন্তু তার বাড়িতে আগুনের ঘটনার পর সংসদে যেভাবে আলোচনা হয়েছে, তাতে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সিসিটিভি ফুটেজের কথা তুলে ধরে এনসিপির এই এমপি বলেন, সেখানে বিস্ফোরণের মতো আগুন জ্বলে উঠতে দেখা গেছে। পুরো আকাশ লাল হয়ে যায় এবং বাড়ির বিভিন্ন অংশে একযোগে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাড়ি থেকে নারী ও শিশুদের দৌড়ে বের হতে দেখা যায়। আগুনের ধোঁয়ায় কেউ কেউ অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়েন বলেও দাবি করেন তিনি।

নুসরাত বলেন, আগুন জ্বলে ওঠার সময়ও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতি জ্বলছিল। এটিকে তিনি তার বাড়িতে আগুন দেওয়ার প্রমাণ হিসেবে তুলে ধরেন।

সিসিটিভি ফুটেজে বাড়ি থেকে মানুষ বের হতে দেখা যাওয়ার পরও কীভাবে সেটিকে পরিত্যক্ত বলা হয়, সেই প্রশ্ন তোলেন তিনি।

নুসরাতের অভিযোগ, জাতীয় সংসদে অন্তত পাঁচ থেকে ছয়বার তার বাড়িটিকে পরিত্যক্ত বলা হয়েছে। একই সঙ্গে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

এসব বক্তব্য তদন্ত চলাকালে দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি।

সংসদের সংরক্ষিত আসনের এই সদস্য বলেন, “আমি বলছি না যে এমন কোনো ঘটনা ঘটবে। কিন্তু আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এই সংসদে দাঁড়িয়েই তদন্ত চলাকালে যে ধরনের কথা হয়েছে তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান।”

তার অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি তদন্ত শেষ হওয়ার আগে সম্ভাব্য ফলাফল সম্পর্কে মন্তব্য করলে অধস্তন কর্মকর্তারা প্রভাবিত হতে পারেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাকে সন্তুষ্ট করতে তদন্ত প্রতিবেদন সেই বক্তব্যের সঙ্গে মিলিয়ে তৈরির আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এমন কিছু ঘটবেই, তা তিনি বলছেন না বলে সংসদে স্পষ্ট করেন নুসরাত।

নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য তুলে ধরে তিনি বলেন, সহকর্মী সংসদ সদস্যদের কাছ থেকে আরও সংবেদনশীলতা ও সহমর্মিতা আশা করেছিলেন।

বাড়িটিকে পরিত্যক্ত বলায় তিনি যতটা না কষ্ট পেয়েছেন, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আগুনের ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টায়।

এনসিপির এই সংসদ সদস্য বলেন, বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে আগুন দেওয়ার অভিযোগের গুরুত্ব কমে যায় না।

ঘটনার পর দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে ধারণা পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে না।

পরে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা তদন্ত কমিটিকে বলেছেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে তাদের ধারণা।

এ ঘটনায় নুসরাত নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম দিয়ে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সংসদে নুসরাত অভিযোগ করেন, বাড়িতে আগুনের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসীরা উল্লাস করেছে এবং ঘটনার দায় স্বীকার করেছে।

আগুন দেওয়ার আগে ও পরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

নুসরাতের অভিযোগ, এসবের পরও ঘটনার সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা চলছে।

এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা নিয়ে সংসদে দেওয়া তথ্যের নির্ভুলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার অভিযোগ, দিনের বেলা সংঘটিত ককটেল হামলাকে রাতের ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। কয়েক দিনের মধ্যে ঘটে যাওয়া হামলার সংখ্যাও সঠিকভাবে তুলে ধরা হয়নি।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে মূল বিষয়ে বক্তব্য সীমিত রাখতে বলেন।

স্পিকার বলেন, “মাননীয় সদস্য, আপনি আপনার সাবজেক্টেই থাকেন। আপনার বাড়ি আক্রান্ত হয়েছে, সেটা যদি বলা হয়ে থাকে তাহলে দয়া করে বসুন।”

এরপর নুসরাত বলেন, তার বক্তব্যের মূল বিষয়ই বাড়িতে আগুনের ঘটনা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তার প্রশ্ন।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও তোলেন নুসরাত।

তিনি দাবি করেন, তার বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছে, একই ধরনের ঘটনা গোপালগঞ্জেও ঘটছে। সেখানে বিএনপির ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনা নিয়ে উল্লাস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নুসরাতের দাবি, এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রাণ নিয়ে পালানোর হুমকি দেওয়া হচ্ছে। তার মতে, জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

নিজের ও পরিবারের পাশাপাশি জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা সবার নিরাপত্তা দাবি করেন নুসরাত।

স্পিকারের মাধ্যমে সংসদের কাছে তিনি জানতে চান, “আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার আমি কবে এবং কীভাবে পাব?”