নুসরাতের বাড়িতে ‘দুইটা ছাগল থাকত’ স্বরাষ্ট্রমন্ত্রী বলতেই সংসদে হট্টগোল
তার বক্তব্যের প্রতিবাদ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা; হান্নান মাসউদকে কয়েকবার বসতে বলেন ডেপুটি স্পিকার।
কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দ্বিতীয় দফা বক্তব্যের সময় হট্টগোল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে সংসদ সদস্য বা তার বাবা-মা বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা সেখান থেকে ২০ মিটার দূরের একটি তিনতলা বাড়িতে থাকেন।
এরপর তিনি বলেন, “এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগলগুলোর...”
এ কথা বলার পরই এনসিপির সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন। এসময় হান্নান মাসউদকে কয়েকবার বসতে বলেন অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রীকে বাধা না দিয়ে বক্তব্য শেষ করার সুযোগ দিতে বিরোধী দলের সদস্যদের অনুরোধ করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, “হান্নান মাসুদ সাহেব এইভাবে সংসদে কথা বলা সমীচীন না। বসেন বসেন। দেখেন আমরা পার্লামেন্টের একটা নর্ম অ্যান্ড প্র্যাকটিস আছে।”
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করেছিলাম আমাদের নবীন বন্ধুরা পার্লামেন্টের কালচারটা ফলো করবেন।”
বিরোধী দলের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হওয়ার কথা তুলে ধরে নিজের বক্তব্য শুনতেও অনুরোধ করেন তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সময়ও এনসিপির সংসদ সদস্যরা আসন থেকে প্রতিবাদ জানিয়েছিলেন।
তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।”
ডেপুটি স্পিকার তাকে বক্তব্য চালিয়ে যেতে বলেন। একই সঙ্গে সংসদ সদস্যদের অন্যের বক্তব্যের সময় বাধা না দেওয়ার অনুরোধ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যখন কথা বলছিলেন, তখন তিনি মনোযোগ দিয়ে শুনেছেন। অন্য সদস্যদেরও তার বক্তব্য শোনা উচিত।
