১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক: নাহিদ ইসলাম

এদিন সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার সময় স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি।

সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 07:14 PM

Updated : 12 Nov 2026, 07:14 PM

সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের কাছে জানতে চেয়েছেন, তারা নিরাপত্তা দিতে পারবে কি না।

তিনি বলেছেন, সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তুলে ধরেন নাহিদ ইসলাম।

এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিপক্ষের পেট্টোল বোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলামও একই অভিযোগ করেছেন। তিনি পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দিবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।”

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।

সরকারি দলের সংসদ সদস্যদেরও সতর্ক করে তিনি বলেন, “আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু ওনারাও হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।”

আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, “ফলে আওয়ামী লীগের বিষয়ে, ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।”

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগানো হয়। এতে বাড়িতে থাকা গবাদিপশু মারা যায়।

তার অভিযোগ, স্থানীয় থানার ওসি বলেছেন যে ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জেনেছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি।

কোনো ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে পেট্রোল বোমা ব্যবহার হয়নি বলে মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন নাহিদ।

তিনি বলেন, “এখানে স্পষ্টই সারাদেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী, পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা এটা কিন্তু স্পষ্ট।”

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ।

তিনি বলেন, ওই হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর আগের দিনের বক্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না।

“মাননীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কিনা আজকে এই প্রশ্নটাই করতে এসেছি মাননীয় স্পিকার।”

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগের দিন সংসদে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন। অথচ সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

স্পিকারের সঙ্গে বাদানুবাদ

এদিন সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার সময় দাঁড়ান নাহিদ ইসলাম। তিনি জরুরি একটি বিষয় তুলে ধরতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে প্রশ্নোত্তর পর্বের পর কথা বলার অনুরোধ করেন।

স্পিকার বলেন, “মাননীয় চিফ হুইপ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করবো। প্রশ্নোত্তরটা শেষ হোক তারপর আপনি দাঁড়াবেন।”

তখন নাহিদ ইসলাম বলেন, “না মাননীয় স্পিকার, প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?”

জবাবে স্পিকার বলেন, “এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি কোনো? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী তখন সংসদে উপস্থিত নেই জানিয়ে স্পিকার বলেন, বিষয়টি নিয়ে কথা বলার পর জবাব দেওয়ার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রীকে প্রয়োজন হবে।

তখন নাহিদ ইসলাম বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার আমরা। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।”

এরপর তিনি বলেন, “আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না।”

স্পিকার তাকে কথা বলার অনুমতি দিলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আমরা অ্যাট লিস্ট আমাদের কথা বলতে যদি দেন তাহলে থাকি, আর না হলে থাকবো না।”

জবাবে স্পিকার বলেন, “আপনার মাইক তো অন আছে।”

এরপর নাহিদ ইসলাম নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

তার বক্তব্য শেষে স্পিকার বলেন, “একটু আগেই আপনি বলেছেন আপনি জবাব আশা করেন না, এখন তো মনে হল আশা করেন।”

পরে নাহিদ ইসলামের তোলা বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন।

‘শর্ট সার্কিটের সম্ভাবনা বেশি’

পরে সংসদে এসে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বুধবার রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে। ওই ঘরে কেউ বসবাস করতেন না। প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে নুসরাতের বাবা-মা থাকেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুনে দুটি ছাগল মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি ও বিজিবির সদস্যরা। পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে যে কথাগুলো আসছে আগুন লাগানোর, আগুন লেগেছে না লাগিয়েছে এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমকে।”

তিনি বলেন, তদন্ত দলে বিজিবি, ফায়ার সার্ভিস, বেসামরিক প্রশাসন ও পুলিশ থাকবে।

বিজিবির প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের শব্দ শোনার কোনো সাক্ষী পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার চিহ্ন মেলেনি।

তিনি বলেন, “তবে মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।”

পুরোনো বৈদ্যুতিক তারের কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথাও বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা অনুমান নির্ভর, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।”

নাশকতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

তিনি বলেন, “এখন তদন্ত প্রক্রিয়াধীন। এ বিষয়ে আর কোনো বিশেষ বক্তব্য আমি দিতে চাই না, তবে যাই হোক আনঅ্যাটেন্ডেড একটা অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো এখানে ইলেকট্রিক ওয়্যারিং অত্যন্ত পুরাতন হওয়ায় এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া যাচ্ছে।”

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, “এটি একটি গুরুতর অসদাচরণ এবং সংসদ সদস্যের যদি নিরাপত্তা বিঘ্নিত হয় সেটা দেশের সকলের জন্যই আতঙ্কের বিষয়।”

ঘটনাটি দ্রুত তদন্ত করে সংসদে জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।