১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এমপি নুসরাতের বাড়িতে আগুন: খুলনায় এনসিপির প্রতিবাদ মিছিলে দুপক্ষের হাতাহাতি

খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে বলে দাবি এনসিপি নেতার।

এমপি নুসরাতের বাড়িতে আগুন: খুলনায় এনসিপির প্রতিবাদ মিছিলে দুপক্ষের হাতাহাতি

ছবি ভিডিও থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 09:42 PM

Updated : 12 Nov 2026, 09:42 PM

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

এনসিপির খুলনা মহানগর কমিটির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, “খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।”

নেতাকর্মীরা জানিয়েছেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে জানতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) দপ্তরে যোগাযোগ করেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার রাত সোয়া ১২টার দিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে।

প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমা হামলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

তবে ঘটনাস্থলে পেট্রোলবোমা বা বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাও নাকচ করেছে বিদ্যুৎ বিভাগ।

পুরনো খবর:

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: পেট্রোল বোমা হামলার অভিযোগ, ‘আলামত মেলেনি’