১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এমপি নুসরাতের বাড়িতে ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি’: পল্লী বিদ্যুৎ সমিতি

আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 09:18 PM

Updated : 13 Nov 2026, 09:23 PM

সংরক্ষিত আসনের সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের নিয়ে গঠিত তদন্ত কমিটি।

তবে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি’ বলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক।

তার ভাষ্য, আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

শুক্রবার বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন তদন্ত কমিটি। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন তারা।

বুধবার রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় একটি মামলা করেছেন সংসদ সদস্য নিজেই।

অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের চার সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক মাহবুব-উল-ইসলাম বলেন, “আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেব।”

এদিন বিকেলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক।

তিনি বলেন, “আমি নিজে ঘটনার পরপর রাতেই নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাই। পাশাপাশি যে ট্রান্সফরমার থেকে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, সেটির সার্কিট ফিউজও অক্ষত ছিল।”

তোজাম্মেলের ভাষ্য, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তবে অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি

অগ্নিকাণ্ডের ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি। সেইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে মাঠে দুটি টিম কাজ করছে।”

তদন্ত কমিটির প্রধান লক্ষ্য থাকবে সত্য উদঘাটন করা; যা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার।

বিরোধীদলীয় সংসদীয় দলের ঘটনাস্থল পরিদর্শন

এদিন বিকাল ৪টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম পোড়া বাড়িঘর পরিদর্শন করেছেন বিরোধীদলীয় সংসদীয় দল। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন তারা।

এ সময় সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহামুদা মিতু বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছেন। ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে।”

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ফেইসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা বলে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

“একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্ট সার্কিট থেকেও হতে পারে,” বলেন মাহামুদা মিতু।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, “আমি এখনো মনে করি ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকার, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।”

তিনি বলেন, বৃহস্পতিবার থানায় মামলা করার সময় একজন আসামির অবস্থান ও মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানানো হয়।

“আশা করেছিলাম, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি,” বলেন নুসরাত তাবাসসুম।

আগুনের ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা জড়িত, তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত সেসব বিষয়।

“কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি-না, সেখানে মানুষ বসবাস করতেন কি-না, তারা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এমন আলোচনার আমি নিন্দা জানাই।”

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

এমপি নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দলকুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: পেট্রোল বোমা হামলার অভিযোগ, ‘আলামত মেলেনি’