১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়িতে হামলা-আগুন: সোনা-ফ্রিজ-ওভেন লুটের অভিযোগ

বুধবার দুপুরে পাটগাতি গ্রামে গিয়ে দেখা যায়, সংসদ সদস্য জিলানীর বাড়ি থেকে ধোঁয়া উড়ছে।

টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়িতে হামলা-আগুন: সোনা-ফ্রিজ-ওভেন লুটের অভিযোগ

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈত্রিক বাড়িতে মঙ্গলবার হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:28 PM

Updated : 18 Nov 2026, 09:28 PM

জেলাজুড়ে চলমান সহিংসতার মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈত্রিক বাড়িতে হামলা-অগ্নিসংযোগের সময় হামলাকারীরা লুটপাটও চালিয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

তাদের অভিযোগ, মঙ্গলবার রাতে পাটগাতি দক্ষিণ পাড়ার বাড়িতে অগ্নিসংযোগের সময় আশপাশের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ।

বুধবার দুপুরে পাটগাতি গ্রামে গিয়ে দেখা যায়, সংসদ সদস্য জিলানীর বাড়ি থেকে ধোঁয়া উড়ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।

পাশের টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সংসদ সদস্যের চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িও পুড়েছে। পোড়া বাড়িগুলোর বেশিরভাগ টিনের তৈরি।

সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী সাংবাদিকদের বলেন, “বাড়িতে তিন বোন ও তাদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কয়েকশ লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসেন। তখন আমরা প্রাণভয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেই।”

সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন ও ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যেতে পারেননি। কারণ, স্টেশনের সামনেই বিক্ষোভ করছিলেন একদল লোক। পরে রাত ৯টা ৫৫ মিনিটে তারা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায়ও হামলা-অগ্নিসংযোগ করেন।

তবে বিক্ষোভকারীদের বাধার কারণে টুঙ্গিপাড়া থানায় দেওয়া আগুন নেভাতে যেতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা এসকান্দার শেখ।

সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ

প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইল, গোপালপুর, ফুকরা, তিলছাড়া, ঘোনাপাড়া এলাকায় সড়কের পাশে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করে।

আরও পড়ুন:

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের মধ্যে হামলা, কৃষক দল নেতা নিহত

টুঙ্গিপাড়া থানায় আগুনে পুড়ল পুলিশের গাড়ি, মোটরসাইকেল