নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপিরসহ ৬ বাড়িতে অগ্নিসংযোগ
এ ছাড়া দুটি বাড়িতে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোণার পূর্বধলা উপজেলা যুবদলের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িসহ অন্তত ছয়টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া দুটি বাড়িতে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়ি ছাড়াও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান জুয়েলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহত আবু বকর রানা পূর্বধলা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে অন্তত ২০টি মোটরসাইকেলে নেতাকর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা দিয়ে বের হন।
পরে তারা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান। পুটিকা বাজারে গিয়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় আবু বকর রানাকে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনার পর রাত ১০টার দিকে একই ইউনিয়নের বড়রুহি এলাকার যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া আহমদের বড় ভাই আমজাদ হোসেনের বাড়ি, বাদে পুটিকা গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বধলা উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়ি, বাট্টা গ্রামে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাট্টা গ্রামের বাড়ি, একই গ্রামে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়ি, এবং আগিয়া গ্রামে ময়মনসিংহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক চিকিৎসক অয়াহিদুর রহমান ছোটনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে রাতে ইউএনওকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে এসব ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
