সরকারের ভালো কাজ সংবাদমাধ্যমে ‘ঠিকভাবে’ আসছে না: রিজভী
“নানাভাবেই এই সরকারের ভালো কাজ, এই সরকারের প্রো-পিপল কাজ সেটাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে।”
সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, শুধু প্রশাসনে নয়, গণমাধ্যমেও ‘দোসরের লোকরা’ বসে দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে।
শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে আগুন ও সহিংসতার ঘটনা সংবাদমাধ্যমে এলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা যথাযথভাবে আসছে না বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, “এই আগুন-সন্ত্রাস, রক্তপাত ও হত্যার মধ্যেও সরকার যে সহ্যক্ষমতা দেখাচ্ছেন এবং সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ও মানবাধিকারের নীতিমালাকে অনুসরণ করে যত সুন্দরভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করছেন, এইটা কিন্তু আমাদের গণমাধ্যমে ঠিক ওইভাবে প্রকাশ হচ্ছে না।”
অবশ্য আওয়ামী লীগ সরকারের বিএনপির পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন রিজভী।
বিএনপি নেতারা আত্মগোপনে থাকা অবস্থাতেও তাদের বক্তব্য অনেক সাংবাদিক প্রকাশ করেছেন মন্তব্য করে তিনি বলেন, “গণমাধ্যমেরই অনেক সাংবাদিক গত ফ্যাসিস্ট আমলে আমাদেরকে সহায় থেকেছেন।
“আত্মগোপনে থাকা অবস্থায় আমাদের খবরগুলো ওই নিপীড়ন-নির্যাতনের মধ্যে, তখনও তারা আমাদের কথাগুলো বলেছেন। তারা এই চেষ্টা করেছেন।”
তবে সংবাদমাধ্যমে ‘দোসররা ঘাপটি মেরে আছে’ অভিযোগ করে তিনি বলেন, “কিন্তু ভেতরে ঘাপটি মেরে থাকা দোসররা কিন্তু বসে নেই।
“নানাভাবেই এই সরকারের ভালো কাজ, এই সরকারের প্রো-পিপল কাজ সেটাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে।”
সংবাদের সমালোচনা
পোশাকখাতের শ্রমিক আন্দোলন ঘিরে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করেন রিজভী।
এ ধরনের খবরের তথ্যসূত্র জানতে চেয়ে তিনি বলেন, “আপনারা দেখবেন যে এই আন্দোলনে, শ্রমিক আন্দোলনে আমাদের কী বলে, এক্সপোর্ট চলে যাচ্ছে অন্য দেশে।
“আপনারা এর তথ্য কোথায়? কীসের কোথা থেকে? এই ধরনের প্রচারণা তো ঠিক নয়।”
শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছে এবং তাদের ন্যায্য পাওনা নিয়ে কথা বলেছে। পাশাপাশি ন্যূনতম মজুরির একটি সীমাও নির্ধারণ করেছে।
এর পরও দেশের ব্যবসা অন্য দেশে চলে যাচ্ছে বলে যেসব সংবাদ প্রচার হচ্ছে, সেগুলো সরকারের বিরুদ্ধে ‘পরিকল্পিত প্রচারণা’ বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, “চলে গেল, চলে গেল, বাংলাদেশের ব্যবসা সব উঠে গেল। এইটা হচ্ছে একটা পরিকল্পিত কনসার্টেড ওয়েতে সরকারের বিরুদ্ধে একটা প্রচারণা।”
তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বিএনপি নেতা রিজভী বলেন, “আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে আপনারা এই নিউজগুলো করবেন।
“একটি জাতিকে মানে কোনোভাবেই যাতে সে খাটো না হয়। তার যে অঙ্গীকারগুলো কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটা আপনারা তুলে ধরবেন।”
সংবাদমাধ্যমের দায়িত্বশীল আচরণ আশা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “যত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হবে, প্রচারিত হবে, গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। কিন্তু অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”
অস্থিতিশীলতার অভিযোগ
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ও ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও হত্যার রাজনীতি থেকে সরে আসেনি।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই যে হত্যা এবং রক্তের যে তারা আলপনা আকছেন প্রতিদিন, এই অমানবিক আলপনার মধ্যে তারা দেশকে বন্দি করে আন্তর্জাতিকভাবে তারা চিহ্নিত করতে চান যে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ ধরনের খবর প্রচার হচ্ছে দাবি করে রিজভী বলেন, পাশের দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো দেশের অস্থিতিশীলতায় ইন্ধন দিচ্ছে।
বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
তিনি জানান, ওই দিন দুপুর ১২টার মধ্যে নেতা-কর্মীদের সমাবেশস্থলে উপস্থিত হতে হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে।
রিজভী বলেন, “এই বিজয় দিবস আমাদের উদ্বুদ্ধ করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার খুব শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে।”
