২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর গাড়িতে আগুন, রিজভী ও আযাদের নিন্দা

এবি পার্টি বলছে, বৃহস্পতিবার গভীর রাতে ‘মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত’ অটোরিকশায় করে এসে গাড়িটিতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 01:41 PM

Updated : 20 Nov 2026, 01:41 PM

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে রুহুল কবির রিজভী এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত বুধবার গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অতর্কিতে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুড়ে গাড়িটির ব্যাপক ক্ষতিসাধন হয়। এবি পার্টির কার্যালয়ের নিচে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।”

রিজভী বলেন, “২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্য ফিরে পাওয়ার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষ্যে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে।”

তিনি বলেন, “এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনা তাদের সেই অপতৎপরতারই অংশ। একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তবে এ ধরনের অগ্নিসংযোগ, হামলা, মানুষ হত্যা ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের অকুতোভয় জনতাকে ভীত করা যাবে না।”

এদিকে, এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি।

রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

আযাদ বলেন, দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

কী ঘটেছিল

এবি পার্টির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ওই ঘটনা ঘটে।

দলটির অভিযোগ, ‘মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত’ অটোরিকশায় করে এসে পার্ক করা গাড়িটিতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মজিবুর রহমান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় দলের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অবহিত করা হয়েছে।