বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের বৈঠকের ইতিহাস নেই দাবি করেন শফিকুর রহমান।
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইঙ্গিতপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের বৈঠকের ইতিহাস নেই দাবি করে তিনি অভিযোগের প্রমাণ চেয়েছেন। সংসদে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পর বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে তিনি এ দাবি জানান।
এর আগে কার্যপ্রণালি বিধির ৩০০ অনুযায়ী দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে। ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের অভিযোগও তোলেন তিনি। তবে ওই রাজনৈতিক দল বা বিদেশি সংস্থার নাম উল্লেখ করেননি তিনি।
জবাবে শফিকুর রহমান বলেন, “এরকম কথা রয়েছে যে ভিনদেশী গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। তো এই সুড়সুড়ির পিছনে এই দলের কোনো সম্পর্ক আছে কিনা, এই দলটা কে? একটু উনি ক্লিয়ার করুন।”
সরকারের নিয়োগ দেওয়া সচিব মর্যাদার একজন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে এমন অভিযোগ করা হয়ে থাকলে তার প্রমাণ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতের বৈঠকের অভিযোগ সরাসরি অস্বীকার করে শফিকুর রহমান বলেন, “আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই। আমরা কোনো এজেন্সির সাথে বসব কেন? আমরা একটা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সাথে। বন্ধুদের সাথে, যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সাথে বসার তো কোনো প্রশ্নই উঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন।”
বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ প্রসঙ্গে নির্বাচনের আগের একটি বক্তব্যের কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয় তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেব, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই।”
আওয়ামী লীগকে ক্ষমা করার বক্তব্য নিয়ে আপত্তি
স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরারও প্রতিবাদ জানান শফিকুর রহমান।
সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা না করার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতনের জন্য অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তাদের ক্ষমা করে দেওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর জবাবে শফিকুর রহমান দাবি করেন, “আমাকে একটা মিসকোট করা হয় ১২ অগাস্টের একটা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে। আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হল। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নেই নাই। ওই সংবাদ সম্মেলনের পুরো ভিডিও এখনো রয়েছে এবং যে কেউ তা দেখে নিতে পারেন।”
দেশের মাদক পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের আগে দেশে মাদকের প্রবেশ বন্ধ করতে হবে।
মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর সরকারি দলের লোকজন হামলা করেছেন বলেও অভিযোগ তার। তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) কুষ্টিয়ায় পুলিশ গিয়েছে মাদক কারবারীদেরকে ধরতে, সেখানে সরকারি দলের লোকেরা তাদের উপরে হামলা করেছে। এটা সর্বশেষ হামলার ঘটনা। এরকম অসংখ্য হামলা সারা বাংলাদেশে ঘটছে।”
সীমান্তে হত্যা শূন্যে নামলে আরও হাততালি দেবেন শফিকুর
সীমান্তে হত্যার সংখ্যা কমার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও জবাব দেন বিরোধীদলীয় নেতা। সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ বাংলাদেশি নিহত হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে হয়েছে ১২ জন।
এ সাফল্যের জন্য বিরোধী দলের কাছ থেকে হাততালি না পাওয়ার প্রসঙ্গও তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জবাবে শফিকুর রহমান বলেন, “তার এই সফলতার জন্য আমি তিনতালি দিচ্ছি। আগামীতে উনি যতটা চাইবেন ততটাই দেব; যদি শূন্যের কোটায় নেমে আসে। প্রত্যেকটা জীবন আমাদের কাছে অতিগুরুত্বপূর্ণ।”
