০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

এনভিডিয়া প্রধানকে নজরে রাখার দায়িত্ব ছিল মেগাস্পিড কর্মীর

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি মেমোতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্ক থাকার দাবিও উঠে এসেছে।

এনভিডিয়া প্রধানকে নজরে রাখার দায়িত্ব ছিল মেগাস্পিড কর্মীর

চীনের গোয়েন্দা সংস্থার নজরদারির লক্ষ্যবস্তু হয়েছিলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 02:15 PM

Updated : 08 Nov 2026, 02:15 PM

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় সিঙ্গাপুরভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানির নির্বাহীকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারি করতে নিয়োগ দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি মেমোতে এমন দাবি উঠে এসেছে প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে। মেগাস্পিড নামে ওই কোম্পানির নির্বাহী অ্যালিস হুয়াং এ নিয়োগ পেয়েছিলেন বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

চলতি বছরের শুরুতে তৈরি ওই মেমোর তথ্য নিয়ে একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি মেমোতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্ক থাকার দাবিও উঠে এসেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, চীনের গোয়েন্দা সংস্থার নজরদারির লক্ষ্যবস্তু হয়েছিলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী। পরে সংবাদমাধ্যমটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি মেমোর বিষয়টি প্রথম প্রকাশ করে।

বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে এনভিডিয়ার এক মুখপাত্র বলেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগ ‘অস্বাভাবিক কিছু নয়’। তিনি আরও বলেন, কোম্পানিটি গ্রাহকদের সঙ্গে কোনো গোপন তথ্য বিনিময় করে না।

এদিকে, এনভিডিয়ার উন্নত চিপ কেনার অনুমতি পাওয়া চীনা কোম্পানি নিউ ম্যাট্রিক্স নিয়েও আলাদা একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর নিউ ম্যাট্রিক্সকে এনভিডিয়ার উন্নত চিপ কেনার অনুমতি দিয়েছে। তবে কোম্পানিটির দেওয়া কার্যালয়ের ঠিকানায় গিয়ে সাংবাদিকরা কোনো কার্যকর অফিস খুঁজে পাননি। সেখানে তারা পেয়েছেন ‘ফাঁকা ধূসর একটি কাঠামো’।

এ ঘটনায় কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের আড়াল হিসেবে কাজ করছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এনভিডিয়ার ওই মুখপাত্র বলেন, কোম্পানিটি ‘তাদের প্রযুক্তির প্রথম, সেরা এবং সবচেয়ে বেশি অংশ বিক্রি করে’।