এনভিডিয়া প্রধানের কেলেঙ্কারি: হুয়াংয়ের কিছু হবে না, আশাবাদী ট্রাম্প
রাতারাতি পড়ে গেছে এনভিডিয়ার শেয়ারের দাম। হুয়াংয়ের পদত্যাগের সম্ভাবনা নেই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা এক ব্যবসায়ী নারীর সম্পর্ক নিয়ে তদন্ত করছে এফবিআই। ওই নারীকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহ করা হচ্ছে।
রয়টার্স লিখেছে, চামড়ার জ্যাকেট পরার জন্য সুপরিচিত ৬৩ বছর বয়সী হুয়াং বিশ্বজুড়ে অনেকটা রকস্টারের মত জনপ্রিয়তা উপভোগ করেন। সিলিকন ভ্যালিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন বলে পরিচিত।
যে অভিযোগ হুয়াংয়ের বিরুদ্ধে উঠেছে তাতে ‘বিস্মিত’ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হুয়াংয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ওই নারী যে গুপ্তচর, তা হুয়াং জানতেন না বলে তাকে জানিয়েছেন।
“আমি জানি এফবিআই বিষয়টি খতিয়ে দেখছে। আমি মনে করি হুয়াং ঠিকঠাকই থাকবে,” বলেন ট্রাম্প।
গত মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর সম্পর্ক ছিল। তবে তিনি তার আত্মীয় নন। ওই নারী সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের সাবেক নির্বাহী।
মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাকে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করেছিল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক থাকার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল।
অভিযোগ রয়েছে, ওই নারী বেইজিংয়ের গোয়েন্দাদের তথ্য সরবরাহ করেছেন। তবে বিষয়টি জানার পরও ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি।
এদিকে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।
বেইজিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, “চীনের হয়ে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি চীনের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির চেষ্টা ছাড়া কিছুই নয়।”
নিউ ইয়র্ক টাইমস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ করলেও তা নিয়ে অ্যালিস কোনো মন্তব্য করেননি।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠজন হুয়াং
এলএসইজির তথ্য অনুযায়ী, এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ার নিয়ে কোম্পানির পঞ্চম বৃহত্তম শেয়ারহোল্ডার হুয়াং। কোম্পানির ব্যবস্থাপনায়ও তার নিয়ন্ত্রণ বেশ শক্তিশালী।
ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কও বেশ ভালো। ট্রাম্প বিভিন্ন সময়ে হুয়াংয়ের প্রশংসা করেছেন। গত অক্টোবরে তাকে বিজ্ঞানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেন মার্কিন প্রেসিডেন্ট।
সেদিনই ট্রাম্প জানান, এবার গ্রীষ্মে তিনি এনভিডিয়ার ১৬ লাখ ডলারের শেয়ার কিনেছেন এবং সর্বোচ্চ ১০ লাখ ডলারের শেয়ার বিক্রি করেছেন।
পড়ে গেছে শেয়ারের দাম
এদিকে সোমবার এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কোম্পানির একদল শেয়ারহোল্ডার।
ক্লাস অ্যাকশন মামলায় তাদের অভিযোগ, সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের তথ্য গোপন করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছে।
এফবিআইয়ের তদন্ত ও মামলার খবরে পড়ে গেছে এনভিডিয়ার শেয়ারের দাম। সোমবার একদিনে ৪ শতাংশ দর হারিয়েছে এ শেয়ার।
তদন্ত হলেও পদ ছাড়ার সম্ভাবনা কম
এনভিডিয়া বলেছে, হুয়াংয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদের।
তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অধিকাংশ বিশ্লেষক মনে করেন, চলমান তদন্তের কারণে হুয়াংয়ের সিইও পদ ছাড়ার সম্ভাবনা কম।
বিনিয়োগ কোম্পানি বার্নেস্টেইনের বিশ্লেষক স্টেসি রাসগন বলেন, “এনভিডিয়া কোনো সাধারণ কোম্পানি নয়, আর জেনসেনও সাধারণ কোনো সিইও নন। কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তিনিই নির্ধারণ করেন। কার্যত তিনিই এনভিডিয়া।”
