১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে কোম্পানিকে বিভ্রান্ত করেছিলেন হুয়াং

নামের শেষাংশ এক হলেও হুয়াং ও অ্যালিসের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে কোম্পানিকে বিভ্রান্ত করেছিলেন হুয়াং

এনভিডিয়ার সদ্য সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 11:47 AM

Updated : 14 Nov 2026, 11:47 AM

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে নিজের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এনভিডিয়ার শীর্ষ নির্বাহীদের বিভ্রান্ত করেছিলেন কোম্পানির সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

কোম্পানির প্রধান আইনজীবী (জেনারেল কাউন্সেল) টিম টিটার ও প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন ওয়াগনফেল্ডসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাছে তিনি সম্পর্কটিকে ‘স্বাভাবিক ব্যবসায়িক যোগাযোগ’ হিসেবে উপস্থাপন করেছিলেন।

দুটি সূত্র ও অক্টোবরে আদান-প্রদান হওয়া অভ্যন্তরীণ বার্তা পর্যালোচনার ভিত্তিতে রয়টার্স এ খবর দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ খাতের এই পথিকৃৎ বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়ান।

এর আগে রোববার এক বিবৃতিতে স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকা এবং কোম্পানিকে হতাশ করার জন্য ক্ষমা চান তিনি। তবে বিবৃতিতে অ্যালিস হুয়াংয়ের নাম নেননি হুয়াং।

এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠান ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর সাবেক শীর্ষ নির্বাহী অ্যালিস হুয়াং চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না, তা নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

তবে অ্যালিস চীন সরকারের হয়ে কাজ করছিলেন কি না, তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। নামের শেষাংশ এক হলেও হুয়াং ও অ্যালিসের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

এনভিডিয়ার দুজন কর্মীর সঙ্গেও হুয়াংয়ের অন্তরঙ্গ সম্পর্ক ছিল বলে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্রগুলো বলছে, ২০২৫ সালের শরৎকালে এবং চলতি বছরের অক্টোবরে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে হুয়াং শীর্ষ নির্বাহীদের বলেছিলেন, অ্যালিস ও মেগাস্পিডের সঙ্গে তার যোগাযোগ যথাযথ ছিল।

এমনকি গত বছরের অক্টোবরে অ্যালিসের সঙ্গে তার প্রকাশ্য সাক্ষাৎ নিয়ে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করলে পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

তাদের সম্পর্ক ঠিক কবে অন্তরঙ্গ রূপ নেয়, তা স্পষ্ট নয়; তবে ২০২৩ সালের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে তোলা ছবি অনলাইনে পাওয়া গেছে।

বিতর্কের মুখে গত ১০ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের স্বতন্ত্র সদস্যরা বিষয়টি তদন্তে ওয়াল স্ট্রিটের আইনি প্রতিষ্ঠান ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’-কে দায়িত্ব দেন।

এর আগে ২৯ অক্টোবর ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে হুয়াং দাবি করেছিলেন, অ্যালিসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহের বিষয়ে মার্কিন সরকার তাকে কিছু জানায়নি।

কেলেঙ্কারির জেরে গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থানের পর থেকে এনভিডিয়ার শেয়ারদর ৩০ শতাংশের বেশি কমেছে; এতে কোম্পানিটির বাজার মূলধন ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারেরও বেশি কমে গেছে।