১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হুয়াংয়ের কেলেঙ্কারি: দুই দিনেই ৪০০ বিলিয়ন ডলার হারাতে বসেছে এনভিডিয়া

শেয়ারের দরপতনের নেপথ্যে কারণ হচ্ছে প্রতিষ্ঠানটির সিইও জেনসেন হুয়াংয়ের এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা বিতর্ক।

হুয়াংয়ের কেলেঙ্কারি: দুই দিনেই ৪০০ বিলিয়ন ডলার হারাতে বসেছে এনভিডিয়া

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:29 PM

Updated : 11 Nov 2026, 12:29 PM

জেনসেন হুয়াংয়ের কেলেঙ্কারির জেরে চিপ জায়ান্ট এনভিডিয়ার শেয়ারে দরপতন চলছেই। মাত্র দুইদিনে কোম্পানির বাজারমূল্য প্রায় ৪০০ বিলিয়ন ডলার পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে বলছে, মঙ্গলবারও এনভিডিয়ার দরপতন অব্যাহত ছিল। এই দরপতনের কারণ কোম্পানির সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক চীনা ব্যবসায়ী নারীর সম্পর্ক নিয়ে ওঠা বিতর্ক।

অ্যালিস হুয়াং নামের ওই নারী বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন চীনা কোম্পানির কাছে এনভিডিয়ার অন্তত ৭৫০ কোটি ডলারের চিপ সরবরাহের পথ সুগম হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, সোমবার এনভিডিয়ার শেয়ারের ৪.৩ শতাংশ দরপতনের পর মঙ্গলবার আরও ৫ শতাংশের বেশি কমে যায়।

সোমবারের দরপতনে এনভিডিয়ার বাজারমূল্য থেকে ১৯২.০৮ বিলিয়ন ডলার উধাও হয়েছিল। মঙ্গলবার আরও প্রায় ২২১ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারায় এ কোম্পানি।

জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এনভিডিয়ার করপোরেট পরিচালনা পদ্ধতি, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিবিধান মেনে চলা এবং হুয়াংয়ের নেতৃত্বের ওপর কোম্পানিটির অতিরিক্ত নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ থেকে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়েও উদ্বেগে পড়েছেন বিনিয়োগকারীরা।

ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকরা এক নোটে লিখেছেন, “এই ঘটনা কি শুধু এনভিডিয়ার একটি সংকট হিসেবেই থাকবে, নাকি এর প্রভাবে পুরো এআই অবকাঠামো খাতে বিধিনিষেধ ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হবে, তা নিয়ে বিনিয়োগকারীরা শঙ্কিত।”

এদিকে গত রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংয়ের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ৬৩ বছর বয়সী হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইও তা খতিয়ে দেখছে।

ওই নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করে জেনসেন হুয়াং শুধু এটুকুই বলেছেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তবে ওই সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তিনি স্বামী ও বোনকে সঙ্গে নিয়ে চীন ও সিঙ্গাপুরজুড়ে একাধিক কোম্পানির সমন্বয়ে একটি ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল এনভিডিয়ার চিপ সংগ্রহ করা। তাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ছিল চীনাভিত্তিক সাংহাই সেঞ্চুরি লিটং।

সেঞ্চুরি লিটং ২০২৩ সালে এনভিডিয়ার কাছ থেকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্লাউড পার্টনারের মর্যাদা পায়। এর ফলে এনভিডিয়ার চিপ সংগ্রহে অগ্রাধিকার সুবিধা পেত তারা।

মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় চিপের অর্ডার আটকে গেলে অ্যালিস হুয়াং এনভিডিয়া ও কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে চিপের সরবরাহ নিশ্চিত করতেন।

দ্য ইনফরমেশনের দাবি, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে নিজের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিলেন অ্যালিস হুয়াং। যদিও ব্যবসায়িক কর্মকাণ্ডে নিজের ভূমিকা অস্পষ্ট রেখেছিলেন এবং এ বিষয়ক কোনো লিখিত নথি বা প্রমাণও রাখতেন না তিনি।

সিঙ্গাপুরে নিবন্ধিত মেগাস্পিড নামের একটি কোম্পানির নির্বাহী পদে দায়িত্ব পালন করতেন অ্যালিস হুয়াং। ওই কোম্পানির সঙ্গে সেঞ্চুরি লিটংয়ের যোগসূত্র ছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে চীনে এনভিডিয়ার চিপ পাঠানোর অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ মেগাস্পিডের কার্যক্রম নিয়েও তদন্ত করেছে।

রয়টার্স লিখেছে, এসব বিষয়ে মন্তব্য জানতে তারা এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।