২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে ‘ওয়াদা’ ভেঙেছে সরকার: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়ন, বিদেশি চুক্তি সংসদে উপস্থাপন ও প্রশাসনের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 03:59 PM

Updated : 28 Nov 2026, 04:00 PM

অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে বর্তমান সরকার জনগণের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি স্বাধীন সচিবালয় বিচার বিভাগের জন্য ঘোষণা করা হয়েছিল। লোকবল নিয়োগ দিয়ে তার অফিসও স্থাপন করা হয়েছিল। কার্যক্রমও শুরু হয়েছিল। দীর্ঘদিন থেকে বর্তমান সরকারি দল বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে আসছিলেন।

“কিন্তু আমরা দেখলাম, সরকার গঠনের পর সেই সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কর্মকর্তা-কর্মচারী যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে সরকার জনগণের সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে।”

পোশাকশিল্প ও বিদেশি চুক্তি

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন মন্তব্য করে শফিকুর রহমান বলেন, শিল্প ও শ্রমিক—দুটোকেই রক্ষা করতে হবে।

“শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, কিন্তু শ্রমিক বাঁচলেও শিল্প বাঁচবে। এই দুইটা একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গী।”

তৈরি পোশাকশিল্প ধ্বংস করার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে অভিযোগ করেন জামায়াত আমির বলেন, “আমাদের প্রতিবেশী কোনো কোনো বন্ধু দেশের মিডিয়াতে এমনভাবে ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে—মনে হয় যেন এ শিল্পটা আর টিকবে না।

“তখন এই প্রশ্ন জাগে, এ শিল্পটা ধ্বংস করার পেছনে তাদের কি কোনো হাত আছে? তারা কি নিজেদের স্বার্থে আমাদের এই শিল্পটাকে শেষ করে দিতে চায়?”

পোশাকশিল্পের সংকট নিয়ে সংসদে আলোচনার জন্য জামায়াতের দেওয়া নোটিস তিনবার পিছিয়ে দেওয়ার পর আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, সরকারি দল, বিরোধী দল, মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিল জামায়াত। তবে সরকার এ বিষয়ে সম্মতি বা অসম্মতি—কোনোটিই জানায়নি।

বিদেশি রাষ্ট্রের সঙ্গে করা সব চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী জাপান সফর থেকে ফিরে পরবর্তী সংসদ অধিবেশনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন। দেশের সঙ্গে করা চুক্তিতে কী নেওয়া হচ্ছে এবং কী দেওয়া হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।

“এটা কোনো দয়ার দান নয়, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। বিদেশের সাথে সকল চুক্তি সংসদে আসতে হবে। না আসলে আনার জন্য যা দরকার তা আমরা করব।”

দেশের সম্পদের মালিকানা জনগণের মন্তব্য করে শফিকুর রহমান বলেন, “প্রত্যেকটি সম্পদের হিসাবের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

প্রশাসন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ—সব জায়গায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের ভেতরে ও বাইরে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির।

গণভোট প্রসঙ্গ

সরকার গঠনের জন্য নির্বাচন এবং রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য গণভোট—একই দিনে এ দুটি আয়োজন করা হয়েছিল বলে মন্তব্য করে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, নির্বাচনের দিন পর্যন্ত সরকারি দল ও বিরোধী দলগুলোর অবস্থান অভিন্ন ছিল। নির্বাচিত হলে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

তবে নির্বাচনের পরদিন থেকেই সরকারি দল অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। গণভোটের রায় অস্বীকার না করলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে ভাষ্য তার।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থনের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, “আমরা দুইটা শপথ নিয়েছি, আর সরকারি দল নিয়েছে একটা শপথ।

“দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। আমরা এক ইঞ্চিও পেছাব না। জনগণ ছাড়া এই ম্যান্ডেট পরিবর্তন করার অধিকার কারও নেই।”

সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, প্রথমে গঠিত কমিটি আইনসংগত ছিল না। প্রতিবাদের মুখে ‘বিশেষ কমিটি’ করা হলেও সংসদে ওই শব্দসহ প্রস্তাব পাস হয়নি। পরে সংসদে কোনো সংশোধনীও আনা হয়নি।