আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করছে: জামায়াত আমির
“আমরা জানি না তার ছেলের ওপর আঘাতের কোনো যোগসূত্র আছে কি না।“
বিমানবন্দরের অনিয়ম নিয়ে মোহাম্মদ আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করেছে বলে অভিযোগ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমারের।
তার দলের এই নেতাকে কেন গ্রেপ্তার করতে হবে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, “আমরা জানি না তার ছেলের ওপর আঘাতের কোনো যোগসূত্র আছে কি না।“
বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের আহত ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে এসময় তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান।
সেখান থেকে বেরিয়ে রানার ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান।
কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা বাজারে বুধবার রাতে হামলার শিকার হন রানা। অজ্ঞাত এক ব্যক্তি তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় হাসপাতাল ঘুরে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান এলাকায় সুস্থ বিনোদনের জন্য, খেলাধুলার জন্য একটি বড় মাঠ করে দিয়েছেন। কিছুদিন ধরে মাদকচক্রের লোক মাঠটিতে গিয়ে উৎপাত করতে থাকে। রানা মাদকসেবীদের এর আগে সতর্ক করেন।
তার অভিযোগ, আখতারুজ্জামান বিমানবন্দরে অনিয়ম এবং ‘একটি চরম অন্যায় ও চুরি চামারির’ প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তুলেছেন- এমন সাজানো মিথ্যা মামলা দিয়ে গত ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি, নিজের অধিকার ও যাত্রী সাধারণের অধিকার নিয়ে কথা বলেছেন। বিশেষ করে প্রবাসীদের সাথে যে নিষ্ঠুর আচরণ করা হয় সেটার শক্ত প্রতিবাদ করেছিলেন।
