২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিক ইমরোজ খালিদী স্মরণ: ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’

স্মৃতির পাতায়, কর্মের অনুপ্রেরণায় তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করছেন তার সহকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 04:37 PM

Updated : 26 Nov 2026, 04:50 PM

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পুরোধা, সংবাদ প্রকাশে সূত্র উল্লেখের চর্চা আর ‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার প্রত্যয়ের সঙ্গে যার নাম জড়িয়ে আছে, তিনি তৌফিক ইমরোজ খালিদী। তার নির্ভীক সাংবাদিকতা, পেশাগত লড়াই ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে একত্র হয়েছেন তার সহকর্মী, বন্ধু, স্বজন; এসেছেন রাজনীতিক, পেশাজীবীসহ সমাজের বাঁক বদলের সাক্ষীরা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হয়েছে এ স্মরণসভা।

‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের এ আয়োজনে এসেছেন সরকার ও রাজনৈতিক দলের নীতি-নির্ধারকরা।

স্মরণসভায় এসেছেন বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ ও ইকতিয়ার চৌধুরী, ডাকসুর সাবেক জিএস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী, বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারূন, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, শিক্ষক ও নাট্যনির্দেশক কামাল উদ্দিন কবীর।

আরও এসেছেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান সালিম সাবরিন, কবি ও প্রাবন্ধিক মোস্তফা সারওয়ার, কবি ইসমত শিল্পী, কবি শাহেদ কায়েস, সংগীতশিল্পী সুজিত মোস্তফা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, ইতিহাস গবেষক হাশেম সুফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, আইনজীবী মনজিল মোরসেদ, সাংবাদিক খায়রুল আনোয়ার মুকুল।

স্মরণ সভায় এসেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিজিটাল মিডিয়া ঢাকা ফ্ল্যাশের এডিটর ইন চিফ ও এপি এর সাবেক প্রতিনিধি ফরিদ হোসেন।

উপস্থিত হয়েছেন সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী-সংগঠক, ক্রীড়া তারকা, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ তার শৈশবের বন্ধু, সহপাঠী স্বজন, সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‍প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণের এ আয়োজন।

স্মৃতির পাতায়, কর্মের অনুপ্রেরণায় তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করছেন তার সহকর্মীরা।

অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক ও ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

Image

তৌফিক ইমরোজ খালিদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, তৌফিক খালিদী তার ৫৯ বছরের জীবনের প্রায় ৪০ বছরই কাটিয়েছেন সাংবাদিকতার সঙ্গে। দেশের সাংবাদিকতায় শুদ্ধতম ধারা চর্চার পাশাপাশি নতুন ধারা তৈরিসহ তার কর্মময় জীবনের নানা অধ্যায়ের স্মৃতিচারণ হবে এ স্মরণসভায়। স্কুল-বিশ্ববিদ্যালয় জীবনের ক্রিকেট মাঠ থেকে সাংবাদিকতায় আসার গল্প বলবেন তার সহপাঠী-সহকর্মী আর স্বজনরা।

আমৃত্যু চোখের দিকে তাকিয়ে, ক্ষমতাকে প্রশ্ন করা তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিংশ প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মাত্র ২১ দিন আগে ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এরপর ১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।

পুরনো খবর:

‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’: তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভা বিকালে
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
তৌফিক ইমরোজ খালিদী: শেষ হল পথিকৃতের পথচলা
তৌফিক ইমরোজ খালিদী: ‘এ যুগের সাংবাদিকতার এক অনন্যসাধারণ চরিত্র’
কেমন সাংবাদিকতা চাইতেন তৌফিক ইমরোজ খালিদী