২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ‘টাকা না পেয়ে’ মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ওসি বলেন, ঘটনার পর স্থানীয়রা রবিউলকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশালে ‘টাকা না পেয়ে’ মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

রবিউল ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 04:31 PM

Updated : 26 Nov 2026, 04:31 PM

বরিশালের মেহেন্দিগঞ্জে ‘টাকা না পেয়ে’ শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যা করার অভিযোগে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউপির ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাজিরহাট থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

নিহত নিরু বেগম (৫৫) ওই গ্রামের বাসিন্দা রহিম ফকিরের স্ত্রী। তাদের ছেলে রবিউল ফকির (২৩) দৈনিক মজুরিভিত্তিক কৃষি শ্রমিক হিসেবে কাজ করে।

পরিবারের বরাতে ওসি সিদ্দিকুর রহমান বলেন, “সকালে মায়ের কাছে টাকা চায় রবিউল। টাকা না দেয়ায় মায়ের উপর ক্ষুব্ধ হয় সে। এক পর্যায়ে শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে।

“আহত নারীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ক্লিনিকে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নিরু বেগমের মামাতো ভাই সাইফুল ইসলাম বলেন, “রবিউল নেশা করে। নেশা কিনতে মার কাছে টাকা চায়। টাকা না দেয়ায় শাবল দিয়ে মায়ের মাথায় বাড়ি দিয়েছে।

এছাড়া রবিউল তার বৃদ্ধ বাবা রহিম ফকিরকেও পিটিয়ে জখম করেছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সাইফুলের দাবি, রবিউল ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে জেলও খেটেছে।

ওসি সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা রবিউলকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, “মাকে পিটিয়ে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। একেকজন একেক রকম কথা বলছে। রবিউলের সৎ মা দাবি করছেন রবিউলের মানসিক সমস্যা রয়েছে। রেগে গেলে মারমুখী আচরণ করে।

“আবার এলাকাবাসী জানিয়েছে সে মাদক সেবন করে। মাদক কেনার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে।”

তবে রবিউলকে জিজ্ঞাসাবাদ করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেন ওসি।