গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
রোববার ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান জানান।
নিহত আব্দুস সামাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে সামাদের ৩৪ বছর বয়সী ছেলে আনোয়ার পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানায়, রোববার গভীর রাতে ‘নেশাগ্রস্ত’ অবস্থায় বাসায় ফেরেন আনোয়ার। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার বাবার ওপর চড়াও হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আনোয়ার প্রথমে লাঠি দিয়ে বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে বুকে আঘাত করলে তার মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা আব্দুস সামাদকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি শাহীনুর আলম বলেন, আনোয়ারকে গ্রেপ্তার করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
