‘নামাজ পড়তে বলায় হাতের লাঠি ভেঙে দিয়েছে’, নাতি-জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ
বরগুনা সদর থানায় করা অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বরগুনা সদর উপজেলায় নামাজ পড়তে বলায় বৃদ্ধ নানা শ্বশুরের হাতের লাঠি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নাতি-জামাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে সোমবার দুপুরে সদর থানায় সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউনুচ আলী ফরাজী।
অভিযোগ ওঠা নাতি-জামাইয়ের নাম মো. রব্বানী গাজী। তিনি বরগুনা সদর উপজেলার পনু গাজীর ছেলে। সম্পর্কে তিনি সোহরাব হোসেনের নাতনি-জামাই।
সোহরাব হোসেন বলেন, তিনি বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার সোনালীপাড়ায় থাকেন। তার বাড়ির পাশেই থাকেন রব্বানী। ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে তাকে নামাজ পড়তে বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
লিখিত অভিযোগে বলা হয়, বৃদ্ধ বয়সে চলাফেরার জন্য লাঠিটি তার খুব প্রয়োজন। লাঠি ভেঙে দেওয়ার পাশাপাশি রব্বানী তাকে পথে-ঘাটে গালাগাল করেন। এ ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত তিনি।
যেকোনো সময় তার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সোহরাব হোসেন।
ঘটনার বিষয়ে সোহরাব হোসেনের ছোট নাতনি মারিয়া বলেন, এটি তাদের পরিবারের একটি ভুল বোঝাবুঝি। তার নানা বিষয়টি বুঝতে পেরেছেন। তিনি অভিযোগ তুলে নেবেন।
রব্বানী তার বড় বোনের স্বামী বলেও জানান মারিয়া।
পরিদর্শক বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
