খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মোস্তফা হত্যার ঘটনায় পুলিশ ও পরিবারের ভিন্ন ভাষ্য পাওয়া গেছে।
রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় একটি ওয়ার্কশপে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে ওই ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. মোস্তফা। তাকে হত্যার ঘটনায় পুলিশ ও পরিবারের তরফে ভিন্ন দাবি করা হয়েছে।
পুলিশের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার পর ওয়ার্কশপের কর্মচারীদের মারধরে মোস্তফার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে ওই ওয়ার্কশপে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
খিলগাঁও থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসকে নামে একটি ওয়ার্কশপে চুরি করতে গিয়ে সে ধরা পড়ে।
“এরপর ওয়ার্কশপের কর্মচারীরা তাকে ধরে মারধর করলে একপর্যায়ে সে মারা যায়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।”
তবে পুলিশের এ ভাষ্য মানতে নারাজ মোস্তফার বোন জুলেখা বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাইকে পূর্বশত্রুতার জেরে ওই কারখানায় (এসকে ট্রেডার্স) ডেকে নিয়ে পিটিয়ে মেরেছে।
“এটা করেছে স্থানীয় জমির দালাল ও চায়ের দোকানদার হোসেন। তার সঙ্গে আমাদের পুরনো ঝামেলা আছে। সে আগে আওয়ামী লীগ করত, এখন টাকা দিয়ে বিএনপির লোক হয়েছে।”
কী নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ, সে বিষয়ে জানতে চাইলে বিস্তারিত কিছু বলেননি জুলেখা।
এ বিষয়ে হোসেনের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
পুলিশ বলছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মোস্তফার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পরে সাড়ে ৮টার দিকে লাশ ঢাকা মেডিকেল মর্গে নেওয়া হয়।
