ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি।
ঝালকাঠির রাজাপুরে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার চার দিন পর সোমবার রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস।
গ্রেপ্তার মো. শাহজাহান হাওলাদার (৫৫) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২৮ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার বাসিন্দা নূরে আলমকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। পরে নূরে আলমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালার মধ্যে মরদেহ ফেলে রেখে যায়।
পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এতে শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, প্রযুক্তির সহায়তায় শাহজাহানের অবস্থান শনাক্ত করার পর রাজাপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।
