২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতিতে দলের প্রতি ফ্লিকের বার্তা কী ছিল, জানালেন গার্সিয়া

অসংখ্য সুযোগ নষ্ট হওয়ায় আত্মবিশ্বাসে চিড় লাগা অস্বাভাবিক নয়, কিন্তু দলের প্রতি হান্সি ফ্লিকের বিশ্বাস ছিল।

বিরতিতে দলের প্রতি ফ্লিকের বার্তা কী ছিল, জানালেন গার্সিয়া

ভোগান্তির লড়াইয়ে জয় পাওয়ায় বার্সেলোনার কোচ-খেলোয়াড়দের চোখে-মুখে স্বস্তি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 03:04 PM

Updated : 23 Nov 2026, 03:04 PM

ভিয়ারেয়ালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রবল চাপ তৈরি করলেও, কাজের কাজ করতে পারছিল না বার্সেলোনা। একের পর এক সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশাও বাড়ছিল। তবে দলটির কোচ হান্সি ফ্লিকের যেন দৃঢ় বিশ্বাস ছিল, যে ঘুরে দাঁড়াবেই তার দল। তাই বিরতির সময় খেলোয়াড়দের নিজেদের কৌশলে অনড় থাকতে বলেছিলেন তিনি।

কাম্প নউয়ে রোববার ম্যাচ শুরু হতেই দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বার্সেলোনা। পরে অবশ্য ঘুরে দারুণভাবে দাঁড়ায় দলটি এবং তাদের আক্রমণের ঢেউয়ে ভেসে যায় ভিয়ারেয়াল।

শেষটা সুখকর হলেও, লড়াইয়ের মাঝপথে চিত্রটা ভীষণ হতাশার ছিল বার্সেলোনার জন্য। অসংখ্য সুযোগ তৈরি করেও যে সাফল্য মিলছিল না। তাতে আত্মবিশ্বাসে চিঢ় লাগা অস্বাভাবিক নয়। কিন্তু ফ্লিকের আত্মবিশ্বাস একচুল নড়েনি। বিরতির সময় দলকে একইভাবে আক্রমণ করে যাওয়ার বার্তা দেন তিনি, ম্যাচের পর সেই কথাই শোনালেন ডিফেন্ডার এরিক গার্সিয়া।

“তিনি আমাদেরকে নিজ পজিশনে থাকার এবং নিজেদের দায়িত্ব অটল থাকার জন্য বলেছিলেন। আমরা জানতাম, একবার আমরা গোল পেয়ে গেলে, আমাদের আটকানো খুব কঠিন হবে।

“আমরা প্রথম গোলটি করলাম, দ্বিতীয়টিও এলো এর পরপরই, এবং আমাদের সমর্থকরা আমাদেরকে আরও কিছু করতে উদ্বুদ্ধ করল, তখন আমাদের প্রাণশক্তি যেন আরও বেড়ে গেল।”

দারুণ এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ফের মজবুত করেছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৩৬। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।