০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জয় মিললেও যেকারণে পুরোপুরি সন্তুষ্ট নন বার্সা কোচ

তবে বড় কিছু অর্জনে নিজের দলের প্রতি তার আস্থা আছে আগের মতোই।

জয় মিললেও যেকারণে পুরোপুরি সন্তুষ্ট নন বার্সা কোচ

দলের প্রথমার্ধের পারফরম্যান্সের সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 03:49 PM

Updated : 09 Nov 2026, 03:49 PM

আতলেতিকো মাদ্রিদের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর, বেশ কিছুটা সময় ভুগতে হলো বার্সেলোনাকে। পরে ঘুরে দাঁড়িয়ে খুব মূল্যবান একটি জয় তুলে নিলেও, দলের প্রথমার্ধের পারফরম্যান্সে খুশি নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে দশম মিনিটেই জুলিয়ানো সিমেওনের গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। পরে ফের্মিন লোপেসের দুই অর্ধের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে তারা।

মৌসুমে এই প্রথম কোনো ‘বড় লড়াইয়ে’ জিততে পারল বার্সেলোনা। দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে সম্প্রতি হঠাৎ করেই ছন্দপতন হয় তাদের; পরপর দুই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বসে তারা।

হাইভোল্টেজ ম্যাচে নিজেদের প্রমাণের একটা তাগিদও তাই ছিল বার্সেলোনার সামনে। সেই লক্ষ্যে সফল হলেও, দলের শুরুর পারফরম্যান্সে শতভাগ সন্তুষ্ট হতে পারছেন না ফ্লিক।

“এই ম্যাচগুলো জেতার মতো মান আমাদের আছে। আমি আপনাদের বলেছিলাম, এই দলের ওপর বিশ্বাস রাখতে হবে। আতলেতিকোর মাঠে জেতা সহজ নয়, এবং দল দারুণ কাজ করেছে। শিরোপা জিততে আমরা প্রতিদিন পরিশ্রম করছি, এবং এটাই আমরা চাই।

“দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা মানিয়ে নিই। প্রথমার্ধে মাঠে আমরা একই অবস্থায় ছিলাম না এবং (আমাদের খেলায়) তীব্রতার ঘাটতি ছিল।”

দারুণ এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থানে থেকেই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাচ্ছে বার্সেলোনা।

১২ ম্যাচে ১১ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৩। ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে আছে আতলেতিকো।