২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার সিটিকে ‘নিশ্চিত গোল দেওয়া হয়নি’, দাবি কোচের

ওই সময় বল জালে পাঠানো আর্লিং হলান্ডেরও নাকি বিশ্বাস, তিনি বৈধভাবে গোল করেছিলেন যা দেওয়া হয়নি।

ম্যানচেস্টার সিটিকে ‘নিশ্চিত গোল দেওয়া হয়নি’, দাবি কোচের

ম‍্যানচেস্টার সিটি কোচ এন্টসো মারেস্কা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 05:48 PM

Updated : 22 Nov 2026, 05:48 PM

প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে বন্দি ম্যানচেস্টার সিটি সবশেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েও পারেনি, আর এজন্য রেফারিকে দুষছেন দলটির কোচ এন্টসো মারেস্কা। তার দাবি, ফুলহ্যামের বিপক্ষে তাদের পরিষ্কার একটি গোল দেওয়া হয়নি, যা লড়াইয়ের চিত্র বদলে দিতে পারত।

লিগে টানা তিন ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মিশনে নামে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে এদিনও অবশ্য ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে তারা। পরে দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে ১-১ সমতায় শেষ করে মারেস্কার দল।

সিটি অবশ্য সমতায় আগেই ফিরতে পারত, অন্তত মারেস্কার দাবি তেমনটাই। ষোড়শ মিনিটে গোল হজমের আট মিনিট পরই প্রতিপক্ষের জালে বল পাঠায় দলটি; কিন্তু গোল মেলেনি।

ডান দিক থেকে ইলিমান এনজাইয়ের ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে লাফিয়ে শট নিতে পারেননি আর্লিং হলান্ড। তার পায়ে লেগে সোজাসুজি আসা বল ধরতে তালগোল পাকান গোলরক্ষক বার্নড লেনো এবং হলান্ডের পায়ের টোকায় বল গোললাইন পেরিয়ে যায়; কিন্তু ফাউলের বাঁশি বাজে।

সিদ্ধান্তটি যে বিতর্কের জন্ম দেবে, তখনই ধারণা করা যাচ্ছিল। ধারভাষ্যকারকে বলতে শোনা যায়, বল নিয়ন্ত্রণে ছিল না লেনোর। তবে রেফারির মত ভিন্ন, এবং ভিএআর পর্যালোচনায়ও তার সিদ্ধান্ত বহাল থাকে।

ম্যাচের পর ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে মারেস্কার দাবি করলেন, তাদের নিশ্চিত একটি গোল দেওয়া হয়নি।

“ম্যাচের পর আমি গোলটি পর্যালোচনা করেছি এবং আমার দৃষ্টিতে একদম পরিষ্কার যে, ওটা ফাউল ছিল না। তবে আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নই।”

মারেস্কা আরও জানিয়েছেন যে, ওটা যে বৈধ গোল ছিল, তাতে একমত হলান্ডও। নরওয়ে তারকার বিশ্বাস, লেনোর হাত থেকে বেরিয়ে যাওয়া বল জালে পাঠান তিনি।

“তারা যখন ভিএআরে পরীক্ষা করছিল, তখনই সে একদম নিশ্চিত ছিল যে গোল হয়েছে, কারণ টাচলাইনে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম; তবে রেফারি অন্যরকম সিদ্ধান্ত নিয়েছেন।”

প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়শূন্য রইল সিটি, এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে জাল অক্ষত রাখতে পারেনি দলটি।

১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে সিটি। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।