অভিষেকে ডাবল হ্যাটট্রিক ভারতীয় পেসারের
স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় জামশেদ আলম।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে স্বপ্নের মতো বোলিং করলেন জামশেদ আলম। ডাবল হ্যাটট্রিক করে রেকর্ডের খাতায় নাম লেখালেন তিনি। এই সংস্করণে নিজের প্রথম ম্যাচে টানা চার বলে উইকেট নেওয়া স্রেফ দ্বিতীয় ক্রিকেটার ভারতীয় এই পেসার।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রোববার সৌরাষ্ট্রের বিপক্ষে এই কীর্তি গড়েন রেলওয়েজের জামশেদ। স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকেই ডাবল হ্যাটট্রিক করার কীর্তি আছে আর কেবল পাকিস্তানের আফাক আফ্রিদির। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে টানা চার বলে শিকার ধরেন এই পেসার।
ভারতের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন জামশেদ। তার আগে এই স্বাদ পান কার্নাটাকের আভিমন্যু মিঠুন ও বিদার্ভার দার্শান নালকান্ডে। ২০১৯ সালের নভেম্বরে হরিয়ানার বিপক্ষে টানা চার বলে চার উইকেট নেন মিঠুন। ২০২১ সালের নভেম্বরে কার্নাটাকের বিপক্ষে একই কীর্তি গড়েন নালকান্ডে।
অবিশ্বাস্য কীর্তি গড়ার দিনে ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন জামশেদ। ছেলেদের টি-টোয়েন্টিতে অভিষেকে পাঁচ উইকেট নেওয়া ষষ্ঠ ভারতীয় বোলার তিনি।
চোখের পলকে নিজের ৯ বলে পাঁচ শিকার ধরেন ২৩ বছর বয়সি জামশেদ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী, এর চেয়ে কম বলে ছেলেদের টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার।
২০২৫ সালে কম্বোডিয়ার বিপক্ষে মাত্র ছয় বলে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। একই বছর এস্তোনিয়ার বিপক্ষে আট বলে পাঁচ শিকার ধরেন ফিনল্যান্ডের মাহেশ তাম্বে।
ইন্দোরে এদিন আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান করে রেলওয়েজ। পরে রান তাড়ায় নামা সৌরাষ্ট্রের ব্যাটিংয়ে চতুর্থ ওভারে ধস নামান জামশেদ। নিজের প্রথম ওভারেই টানা চার বলে হার্ভিক দেশাই, প্রেরাক মানকাড়, রুচিত আহির ও সামার গাজ্জারকে ফিরিয়ে দেন আলম। পরের ওভারে সিদ্ধার্থ রানাকে আউট করে পূর্ণ করেন পাঁচ উইকেট।
তাতে ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে সৌরাষ্ট্র। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৩ রান করতে পারে তারা। ২৯ রানের জয় পায় রেলওয়েজ।
