১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

অমিত-শিবলির সেঞ্চুরি, আবু জায়েদের ৫ উইকেট

সম্ভাবনা জাগিয়েও অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি হাবিবুর রহমান, নব্বই পেরিয়ে অপরাজিত নুরুল হাসান সোহান।

অমিত-শিবলির সেঞ্চুরি, আবু জায়েদের ৫ উইকেট

আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন অমিত হাসান। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 05:59 PM

Updated : 15 Nov 2026, 05:59 PM

ম্যাচ না খেলেই জাতীয় দল থেকে বাদ পড়ার পর ব্যাট হাতে নিজের কাজটা সেরে রাখলেন অমিত হাসান। চমৎকার ব্যাটিংয়ে আরেকটি সেঞ্চুরি করলেন ছন্দে থাকা মিডল-অর্ডার ব্যাটসম্যান।

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিন অমিতের পাশাপাশি শতকের দেখা পেলেন আশিকুর রহমান শিবলি। আগের দিন সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন করলেন রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি।

ব্যাটসম্যানদের দাপটের মাঝে ৫ উইকেট নিলেন আবু জায়েদ চৌধুরি।

মোসাদ্দেকের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি

আট বছরের অপেক্ষা শেষ করে আগের দিন সেঞ্চুরি করেছিলেন মোসাদ্দেক হোসেন। সেই ছন্দে এগিয়ে নতুন সকালে ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার।

সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ২২ চারের সঙ্গে ১০ ছক্কায় ২১৫ বলে ২২০ রান করেছেন মোসাদ্দেক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের তিনটির বেশি ডাবল সেঞ্চুরি নেই।

অষ্টম উইকেটে আরিফুল ইসলামকে নিয়ে ২১৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম উইকেটে এর চেয়ে বড় জুটি আছে আর একটি। ২০১৩-১৪ মৌসুমে ফরহাদ রেজা ও মুক্তার আলির ২২৪ রান।

এই জুটির সৌজন্যেই দ্বিতীয় দিন স্রেফ ২ উইকেট হারিয়ে ১৩১ রান করতে পারে ময়মনসিংহ। শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত থাকেন আরিফুল।

এরপর ব্যাট করতে নেমে সেঞ্চুরির সম্ভাবনা জাগান হাবিবুর রহমান। কিন্তু অল্পের জন্য পারেননি তিনি। ৮ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করে ফেরেন রাজশাহীর ওপেনার। নাঈম আহমেদের ব্যাট থেকে আসে ৫৬ রান।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

ময়মনসিংহ ১ম ইনিংস: (আগের দিন ৩০৯/৭) ১০৪.২ ওভারে ৪৪০/৯ডি. (মোসাদ্দেক ২২০, আরিফুল ৫৩*, আজিজুল ২২; শ্রাবণ ১৬-০-৭৮-১, শফিকুল ২৭-১-১৩৩-২, মোহর ১৯-১-৬৬-২, নিহাদ ২৯.৫-৫-১০৯-৩, ওয়াসি ৬-১-২৭-১, রহিম ৭-২-২৬-০)

রাজশাহী ১ম ইনিংস: ৪১.৩ ওভারে ১৭৮/৩ (হাবিবুর ৯৩, সাব্বির ১১, নাঈম ৫৬, প্রিতম ১২*, রহিম ১০*; আবু হায়দার ৯-০-৫০-১, গালিব ১০-০-৩৫-০, আজিজুল ১০-০-৪৭-০, আরিফুল ৭-১-২৩-০, শুভাগত ৫.৩-০-১৯-২)

শিবলির সেঞ্চুরি

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দারুণ সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলি। তিন নম্বরে নেমে ১১ চার ও ২ ছক্কায় ১৯০ বলে তিনি খেলেন ১০৫ রানের ইনিংস।

চলতি লিগে শিবলির এটি দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া এক ম্যাচে ৯৯ রানে আউট হয়েছেন তিনি। সবমিলিয়ে প্রথম শ্রেণিতে তার পঞ্চম সেঞ্চুরি।

শিবলির সেঞ্চুরি ছাড়া ঢাকার আর কেউ ৩৫ রানও করতে পারেননি। তবু লিড নেওয়ার পথে তারা। আর তাতেই শেষ হয়ে গেছে চট্টগ্রামের শিরোপার সব সম্ভাবনা।

প্রথম শ্রেণির জাতীয় লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হতে এই ম্যাচে ইনিংস ব্যবধান অথবা ১০ উইকেটের জয় পেতে হতো চট্টগ্রামের। কিন্তু কোনোটিই আর সম্ভব নয়। তাই এবারও ট্রফি ঘরে তোলা হবে না তাদের।

Image

পাঁচ উইকেট নিয়েছেন অভিজ্ঞ পেসার আবু জায়েদ। ছবি: বিসিবি

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

চট্টগ্রাম ১ম ইনিংস: ২৮৮

ঢাকা ১ম ইনিংস: (আগের দিন ২৪/০) ৮৭ ওভারে ২৮২/৭ (আদিল ৩৩, আনিসুল ২৬, শিবলি ১০৫, ফয়সাল ২৭, মার্শাল ৩০, তাইবুর ৫, মাহফুজুর ১৭, সুমন ২৩*, ইয়াসিন ৬*; ইফরান ১৭-২-৫৪-১, সানজিদ ১৬-০-৬৮-৩, মুরাদ ১৬-০-৬৫-২, নাঈম ১৯-৬-৪৫-০, পরান ৬-১-১৩-০, আশরাফুল ১৩-০-২৮-১)

অমিতের সেঞ্চুরি, আবু জায়েদের ৫ উইকেট

জাতীয় দলে ফেরার অভিযানে ঘরোয়া ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি করলেন অমিত হাসান। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৯ চার ও ১ ছক্কায় তিনি খেলেন ১০১ রানের ইনিংস।

প্রথম শ্রেণির ক্রিকেটে অমিতের এটি ১৩তম সেঞ্চুরি। আর চলতি লিগে দ্বিতীয়।

এছাড়া সিলেটের ওপেনার মুবিন আহমেদ করেছেন ৭৫ রান। যার সৌজন্যে এরই মধ্যে বরিশালের ২২৮ রান টপকে লিড পেয়েছে লিড।

এই ম্যাচে বোনাস পয়েন্টসহ জিততে পারলে শিরোপা সম্ভাবনা বেঁচে থাকবে সিলেটের।

৪ উইকেট বাকি রেখে দ্বিতীয় দিন শুরু করে ২৫ রানের বেশি যোগ করতে পারেনি বরিশাল। ৭৯ রান করে আউট হন ফজলে মাহমুদ রাব্বি।

সিলেটের পক্ষে ৪১ রানে ৫ উইকেট নেন আবু জায়েদ চৌধুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার ১৪তম ৫ উইকেট এটি।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

বরিশাল ১ম ইনিংস: (আগের দিন ২০৩/৬) ৮১.২ ওভারে ২২৮ (ফজলে মাহমুদ ৭৯, কামরুল ১৬, তানভির ১০*, রুয়েল ০, সাইফুল ৪; আবু জায়েদ ১৫.২-৩-৪১-৫, নাসুম ১৯-৪-৫৮-২, তোফায়েল ৪-০-১৯-০, রাজা ১৫-০-৫৯-১, নাঈম ২৪-৯-৪০-২, সৈকত ৪-০-৮-০)

সিলেট ১ম ইনিংস: ৬৫ ওভারে ২৩৯/৪ (মাজহারুল ৭, মুবিন ৭৫, সৈকত ২, অমিত ১০১, আশরাফুল ৩১*, নাসুম ১১*; রুয়েল ৯-১-৪২-২, সাইফুল ১১-০-৪৫-১, তানভির ১৯-৪-৩৮-০, মইন ১০-১-৩৭-০, কামরুল ৯-১-৪১-১, জাকারিয়া ৭-১-৩০-০)

সেঞ্চুরির অপেক্ষায় সোহান

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন নুরুল হাসান সোহান। রংপুরের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে তার সংগ্রহ ১৩ চারে ৯৪ রান। এছাড়া অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৭৪ রান।

তবু খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই পয়েন্ট টেবিলের শীর্ষ দল। ৩ উইকেট বাকি রেখে রংপুরের চেয়ে ৬২ রানে পিছিয়ে তারা।

এর আগে ৭ উইকেটে ৩২০ রানে দিন শুরু করে বেশি দূর যেতে পারেনি রংপুর। ১৮ রান যোগ করতে অলআউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

রংপুর ১ম ইনিংস: (আগের দিন ৩২০/৭) ৮৮.৩ ওভারে ৩৩৮ (হাশিম ৪২, মেহেদি ১৮, নজরুল ৩, সোহেল ০*; সফর ১৭.৩-৩-৬৪-৪, মেহেদি ১৩-৩-৪৩-০, সৌম্য ১৩-৩-৬৩-১, জিয়াউর ১২-০-৫৯-১, নাহিদুল ৮-৩-৩৪-১, পারভেজ ২৩-৫-৫৫-৩, আজিজুল ২-০-১১-০)

খুলনা ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ২৭৬/৭ (এনামুল ২১, আজিজুল ৯, সৌম্য ২০, মিঠুন ৭৪, কালাম ৪, সোহান ৯৪*, জিয়াউর ১০, নাহিদুল ৮, পারভেজ ১২*; মেহেদি ১৫-২-৪১-১, সোহেল ৯-০-৩০-০, তাফসির ১৩-০-৬৫-৪, ইকবাল ১-০-৩-০, মামুন ১০-১-৫৪-১, নজরুল ১১-০-৩৮-১, হাশিম ৭.২-১-২৮-০)