১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল-প্রিতমের আরেকটি সেঞ্চুরি, সানজিদ-আবু জায়েদের আবার ৫

শেষ রাউন্ডে এসে জমে ক্ষীর জাতীয় ক্রিকেট লিগের শিরোপার লড়াই।

আশরাফুল-প্রিতমের আরেকটি সেঞ্চুরি, সানজিদ-আবু জায়েদের আবার ৫

ইনিংস ব‍্যবধানে জয়ে শিরোপা জয়ের আশা জাগিয়েছে সিলেট। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 06:52 PM

Updated : 16 Nov 2026, 06:52 PM

দায়িত্বশীল ব্যাটিংয়ে চমৎকার সেঞ্চুরি করে দলকে বড় লিড এনে দিলেন আশরাফুল হাসান। পরে বল হাতে আরও একবার বরিশালের ব্যাটিং নাড়িয়ে দিলেন আবু জায়েদ। তিন দিনের মধ্যেই জোড়া বোনাস পয়েন্টসহ জিতে গেল সিলেট।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে অন্তত একটি বোনাস পয়েন্ট জরুরি ছিল সিলেটের। বরিশালের বিপক্ষে শেষ রাউন্ডের ম্যাচে আশরাফুল ও আবু জায়েদের নৈপুণ্যে তারা পেয়েছে একাধিক বোনাস।

সিলেটের দাপুটে জয়ে এখন কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে গেছে খুলনা। শেষ দিন রংপুরের বিপক্ষে যে করেই হোক পরাজয় এড়াতে হবে প্রথম ছয় রাউন্ডে শীর্ষে থাকা দলটির। হেরে গেলেই তাদের হাতের মুঠো থেকে ট্রফি ‘ছিনিয়ে’ নেবে সিলেট।

শিরোপার সুবাস সিলেটের

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে সিলেট। প্রথম ইনিংসে ১৬১ রানের লিড নেওয়ার পর বরিশালকে তারা গুঁড়িয়ে দিয়েছে স্রেফ ১২৩ রানে।

ইনিংস ব্যবধানে জেতায় একটি ও আগের ম্যাচ জিতে রাখায় টানা দুই জয়ের একটি- মোট দুটি বোনাস পয়েন্ট পেয়েছে ২০২৪ সালের জাতীয় লিগ চ্যাম্পিয়নরা।

সব মিলিয়ে সাত ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে সিলেট। অন্য ম্যাচে খুলনা হেরে গেলেই নিশ্চিত হয়ে যাবে তাদের শিরোপা পুনরুদ্ধার।

সিলেটকে বড় লিড এনে দেওয়ার কারিগর আশরাফুল। চলতি টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরিতে ১১৩ রানের ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ৩৪ রান। সব মিলিয়ে এদিন ১৫০ রান যোগ করে সিলেট।

বড় লিড হজমের পর ব্যাট করতে নেমে আবু জায়েদের তোপের মুখে পড়ে বরিশাল। মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা।

পরে মোহাম্মদ আবদুল্লাহ ৫১ ও তানভির ইসলাম ২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে একশ পার করান। তবে ইনিংস পরাজয় এড়াতে পারেননি।

প্রথম ইনিংসে ৪১ রানে ৫ উইকেট পাওয়া আবু জায়েদ এবার স্রেফ ২৭ রান খরচায় নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম ৫ উইকেট।

ম্যাচে ৪ উইকেট নিয়ে এই সংস্করণে নিজের ২০০ উইকেট পূর্ণ করেন নাসুম।

লিগের সাত রাউন্ডে জয় পায়নি বরিশাল। হেরেছে পাঁচ ম্যাচে। এর মধ্যে তিনটিই ইনিংস ব্যবধানে। বাকি দুই ম্যাচে পরাজয় ৮ ও ১০ উইকেটে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই লিগ শেষ করল তারা।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল ১ম ইনিংস: ২২৮

সিলেট ১ম ইনিংস: (আগের দিন ২৩৯/৪) ৯৮.৩ ওভারে ৩৮৯ (আশরাফুল ১১৩, নাসুম ৩৪, তোফায়েল ১২, রাজা ৭, আবু জায়েদ ০, নাঈম ২৩, শাহানুর ০*; রুয়েল ১৩-১-৫৬-৩, সাইফুল ১৮-০-৯৭-৩, তানভির ২৭.৩-৪-৫৭-২, মইন ১৬-১-৬১-০, কামরুল ১৬-১-৬৬-২, জাকারিয়া ৮-১-৪৫-০)

বরিশাল ২য় ইনিংস: ২৮.৩ ওভারে ১২৩ (জাওয়াদ ৫, হৃদয় ৭, জাকারিয়া ২, ফজলে মাহমুদ ২, শামসুল ৮, আবদুল্লাহ ৫১, মইন ১১, তানভির ২১*, রুয়েল ৩, কামরুল ১, সাইফুল ১; আবু জায়েদ ১০.৩-২-২৭-৫, নাসুম ৮-০-৩৯-২, রাজা ৪-০-২২-১, নাঈম ৬-১-৩১-২)

ফল: সিলেট ইনিংস ও ৩৮ রানে জয়ী

শেষ দিনে খুলনার কঠিন পরীক্ষা

সিলেটের জোড়া বোনাস পয়েন্টসহ জয়ে কঠিন হয়ে গেছে খুলনার কাজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে তাদের যে করেই হোক এড়াতে হবে পরাজয়। সেই অভিযানে তাদের সামনে অপেক্ষা করছে চ্যালেঞ্জিং লক্ষ্য।

ম্যাচের তিন দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২০০ রানে এগিয়ে রংপুর। তাদের বাকি রয়েছে একটি উইকেট। মঙ্গলবার রংপুরকে অলআউট করে পরে লক্ষ্য তাড়ায় ম্যাচ জিতে গেলে অথবা ড্র করতে পারলেও ৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবে খুলনা।

আগের দিন ৯৪ রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান তিন অঙ্ক ছুঁতে কোনো ভুল করেননি। তবে প্রথম শ্রেণিতে ১৪তম সেঞ্চুরি করার পর বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ চারে ১০৫ রান করে আউট হন অভিজ্ঞ ব্যাটসম্যান।

এরপর শেখ পারভেজ রহমান ৩২ রানের ইনিংস খেললে তিনশ পেরিয়ে যায় খুলনা। তবে লিড নিতে পারেনি তারা।

১৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নিয়মিত ওপেনার মিম মোসাদ্দেককে শুরুতে নামাতে পারেনি রংপুর। মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে তাদের শুরুটাও হয় নড়বড়ে।

আবদুল্লাহ আল মামুন ও আকবর আলি ভালো শুরু করলেও ইনিংস টেনে নিতে পারেননি। মামুন ৪১ ও আকবর ৪৮ রান করে ফেরেন। নাসির হোসেনের সঙ্গে পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন আকবর। ২৪ রান করেন নাসির।

সাত নম্বরে নেমে ২৩ রানে অপরাজিত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মিম। তার ব্যাটেই শেষ দিনে লিড বাড়ানোর আশায় থাকবে রংপুর।

Image

আশরাফুল হাসান। ছবি: বিসিবি

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

রংপুর ১ম ইনিংস: ৩৩৮

খুলনা ১ম ইনিংস: (আগের দিন ২৭৬/৭) ৮১.২ ওভারে ৩২২ (সোহান ১০৫, পারভেজ ৩২, সফর ৪*, মেহেদি ৫; মেহেদি ২০-২-৬২-১, সোহেল ১৩-২-৩৯-০, তাফসির ১৫-০-৭২-৪, ইকবাল ১-০-৩-০, মামুন ১০-১-৫৪-১, নজরুল ১৩-১-৩৯-২, হাশিম ৮-১-২৯-০, নাসির ১.২-০-৪-০)

রংপুর ২য় ইনিংস: ৪৯ ওভারে ১৮৪/৯ (ইকবাল ২৮, তাফসির ১, নিলয় ১, মামুন ৪১, আকবর ৪৮, নাসির ২৪, মিম ২৩*, হাশিম ১, মেহেদি ৭, নজরুল ৫, সোহেল ০*; জিয়াউর ৬-০-২২-১, মেহেদি ১৩-০-৫৭-৪, পারভেজ ১৪-২-৩২-০, সফর ৮-০-৪০-৪, নাহিদুল ১-০-৭-০, সৌম্য ৭-০-২৪-০)

প্রিতমের সেঞ্চুরি, শুভাগতর ৫ উইকেট

সিলেটের একাডেমি মাঠে চমৎকার সেঞ্চুরি করেছেন প্রিতম কুমার। তবে আবারও ইনিংস বেশি বড় করতে পারেননি। আগের রাউন্ডে ১০৫ রান করা কিপার-ব্যাটার এবার খেলেন ১০৮ রানের ইনিংস। চলতি লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে সপ্তম।

শাকির হোসেন শুভ্রর ব্যাট থেকে আসে ৪৪ রান। পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন প্রিতম ও শাকির। তবু লিড নিতে পারেনি রাজশাহী। ৭১ রানের মধ্যে শেষের ৬ উইকেট হারিয়ে ৬৩ রানে পিছিয়ে থেকে অলআউট হয় তারা।

ময়মনসিংহের ৬২ রানে ৫ উইকেট নেন শুভাগত হোম। প্রথম শ্রেণিতে এটি তার নবম ৫ উইকেট।

পরে দেখেশুনে ভালো শুরু করেন খালিদ হাসান ও আব্দুল মজিদ। তবে দিনের শেষ বলে ৪৭ রানে আউট হয়ে যান মজিদ।

Image

সানজিদ মজুমদার। ছবি: বিসিবি

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

ময়মনসিংহ ১ম ইনিংস: ৪৪০/৯ডি.

রাজশাহী ১ম ইনিংস: (আগের দিন ১৭৮/৩) ৯১.২ ওভারে ৩৭৭ (প্রিতম ১০৮, রহিম ০, শাকির ৪৪, নিহাদ ৫, ওয়াসি ২২, শফিকুল ৩, মোহর ১৫*, শ্রাবণ ৪; আবু হায়দার ১৭-১-৭৫-২, গালিব ১৮-২-৮৫-১, আজিজুল ২৩-৩-৯১-২, আরিফুল ১৫-২-৪৪-০, শুভাগত ১৪.২-১-৬২-৫, মোসাব্বেক ৪-১-১২-০)

ময়মনসিংহ ২য় ইনিংস: ২১ ওভারে ৭৯/১ (খালিদ ৩১*, মজিদ ৪৭, ফাহিম ০*; শফিকুল ১০-২-১৬-০, শ্রাবণ ২-০-২২-০, মোহর ২-০-১৭-০, নিহাদ ৬-০-১৮-০, রহিম ১-০-৫-১)

সানজিদের ৫ উইকেট, সাদ্দামের ৬ রানের আক্ষেপ

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে এগিয়ে চট্টগ্রাম। তাদের বাকি রয়েছে ৫ উইকেট। শেষ দিনে ঢাকার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যই হয়তো দেবে তারা।

৭ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শুরু করে মাত্র ১০ রান যোগ করতে পারে ঢাকা। তাতেই পেয়ে যায় ৪ রানের লিড।

আগের রাউন্ডে ৪১ রানে ৫ উইকেটের পর এবারও প্রথম ইনিংসে ৭০ রানে ৫ উইকেট নিয়েছেন চট্টগ্রামের ২১ বছর বয়সী পেসার সানজিদ মজুমদার।

চলতি লিগেই প্রথম শ্রেণিতে অভিষেক হওয়া তরুণ পেসারের এটি দ্বিতীয় ৫ উইকেট।

পরে ব্যাট করতে নেমে সেঞ্চুরির সম্ভাবনা জাগান চট্টগ্রামের ওপেনার সাদ্দাম হোসেন। কিন্তু নব্বই ছুঁয়ে খেই হারিয়ে শতক পাওয়া হয়নি তার। ১০ চার ও ২ ছক্কায় ৯৪ রান করে ফেরেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

চট্টগ্রাম ১ম ইনিংস: ২৮৮

ঢাকা ১ম ইনিংস: (আগের দিন ২৮২/৭) ৯০.৪ ওভারে ২৯২ (সুমন ২৫, ইয়াসিন ১০, এনামুল ২*, শাকিল ২; ইফরান ১৮.৪-২-৬২-২, সানজিদ ১৮-০-৭০-৫, মুরাদ ১৬-০-৬৫-২, নাঈম ১৯-৬-৪৫-০, পরান ৬-১-১৩-০, আশরাফুল ১৩-০-২৮-১)

চট্টগ্রাম ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৩১/৫ (সাদিকুর ২৭, সাদ্দাম ৯৪, ইরফান ২৭, ওমর ১৬, পরান ৩০*, নাঈম ১৬, সাব্বির ৬*; সুমন ৭-১-২৫-০, শাকিল ৫-০-৪১-০, এনামুল ৭-০-২৯-০, আনিসুল ২-০-১১-১, ইয়াসিন ১৮-৪-৫৩-০, মাহফুজুর ১৬-২-৪১-২, তাইবুর ৬-১-১১-১, ফয়সাল ৩-০-৬-১)