২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

কিউই পেসারদের তোপে চাপে ভারত

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ২৪০ রানে পিছিয়ে সফরকারীরা।

কিউই পেসারদের তোপে চাপে ভারত

প্রথম ওভারেই ভারতের শুরুর জুটি ভাঙেন ম‍্যাট হেনরি। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 03:24 PM

Updated : 28 Nov 2026, 03:24 PM

আকাশ দিপের ছোবলে আগের দিনের সঙ্গে একশর একটু বেশি রান যোগ করতেই গুটিয়ে গেল নিউ জিল্যান্ড। পরে বল হাতে আলো ছড়ালেন কাইল জেমিসন, জেকব ডাফিরা। তাদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভীষণ চাপে ভারত।

ক্রাইস্টচার্চ টেস্টে শনিবার ৩৫৬ রানে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস থামিয়ে দেয় ভারত। পরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১১৬ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। ৪ উইকেট হাতে নিয়ে এখনও ২৪০ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

উইকেট থেকে এদিনও পেসাররা পেয়েছেন সহায়তা। আগের দিন দুই উইকেট নেওয়া আকাশ নতুন দিনে ধরেন আরও তিন শিকার। টেস্টে এনিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পান ভারতের এই পেসার।

প্রথম দিন ব্যাটে-বলের দারুণ লড়াই হলেও, দ্বিতীয় দিন দাপট দেখান বোলাররা। ৫ উইকেট ২৪৬ রান নিয়ে খেলতে নেমে কিউইদের দ্বিতীয় সেশনের শুরুতে অলআউট করে দেয় ভারত।

নতুন সকালের দ্বিতীয় ওভারেই স্বাগতিকদের শিবিরে ছোবল হানেন আনশুল কাম্বোজ। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন গ্লেন ফিলিপস। আগের দিনের ৩৬ রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি তিনি।

ভালো শুরু পাওয়া ন্যাথান স্মিথ পারেননি ইনিংস বড় করতে। চারটি চারে ২৬ রান করে আকাশকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। চারটি চারে ১৯ রান করা জেমিসনও আকাশের শিকার।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রাখেন ৫৩ রান নিয়ে খেলতে নামা টম ব্লান্ডেল। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান তিনি। কিন্তু দ্বিতীয় সেশনের সপ্তম ওভারে গুরনুর ব্রারকে পুল খেলে আকাশের হাতে ধরা পড়েন কিউই কিপার-ব্যাটসম্যান। ১০টি চারে ৮৯ রান করেন ব্লান্ডেল।

ম্যাট হেনরিকে কট বিহাইন্ড করে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন আকাশ। চারটি চারে ১৯ রান করেন হেনরি।

জবাব দিতে নামা ভারতের ব্যাটিংয়ে প্রথম ওভারেই ছোবল দেন হেনরি। ইনিংসের ষষ্ঠ বলে ইয়াশাসভি জায়সাওয়ালকে বোল্ড করে দেন এই পেসার।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন দেবদুত পাডিক্কাল ও লোকেশ রাহুল। একটি করে ছক্কা-চারে ২১ রান করা পাডিক্কালকে কট বিহাইন্ড করে দেন জেমিসন। ভারত অধিনায়ক শুবমান গিলকেও টিকতে দেননি এই পেসার।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রিশাভ পান্ত হাল ধরার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। তাকে ২৩ রান ফেরান ডাফি। একপ্রান্ত ধরে রেখে অনেকটা সময় কাটিয়ে দেওয়া রাহুলের প্রতিরোধও ভাঙেন এই পেসার। তিনটি চারে ২৫ রান করতে ৮০ বল খেলেন রাহুল।

দিনের শেষ বলে ওয়াশিংটন সুন্দারকে ফিরিয়ে লড়াইয়ে নিউ জিল্যান্ডকে এগিয়ে রাখেন স্মিথ। আগের ওভারেই জীবন পাওয়া ধ্রুভ জুরেল অপরাজিত আছেন ৭ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১১৬.৩ ওভারে ৩৫৬ (আগের দিন ২৪৬/৫) (ব্লান্ডেল ৮৯, ফিলিপস ৩৬, স্মিথ ২৬, জেমিসন ১৯, হেনরি ১৯, ডাফি ২*; বুমরাহ ২৬-৬-৪৯-০, কাম্বোজ ২২-৫-৭৯-২, আকাশ ৩১.৩-৮-৯৯-৫, ব্রার ২৮-৪-৭৮-২, ওয়াশিংটন ৯-১-৩৬-১)

ভারত ১ম ইনিংস: ৪৬ ওভারে ১১৬/৬ (জায়সাওয়াল ২৫, রাহুল ২১, পাডিক্কাল ১৭, পান্ত ২৩, ওয়াশিংটন ১০, জুরেল ৭*; হেনরি ১৩-৪-২৯-১, জেমিসন ১৩-৪-৩৩-২, স্মিথ ১২-৩-২৯-১, ডাফি ৮-৩-২১-২)