২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোলস-ফিলিপসের ২১৬ রানের জুটির পর জয়সাওয়াল-রাহুলের ব‍্যাটে ভারতের জবাব

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২০৯ রানে পিছিয়ে ভারত।

নিকোলস-ফিলিপসের ২১৬ রানের জুটির পর জয়সাওয়াল-রাহুলের ব‍্যাটে ভারতের জবাব

ওয়েলিংটন টেস্টে লোকেশ রাহুল ও ইয়াশাসভি জয়সাওয়ালের ব‍্যাটে বড় সংগ্রহের ভিত পেয়েছে ভারত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 01:48 PM

Updated : 20 Nov 2026, 02:25 PM

নিউ জিল‍্যান্ডের হেনরি নিকোলসের পর সেঞ্চুরি করলেন গ্লেন ফিলিপস, দুই জনে উপহার দিলেন ২১৬ রানের জুটি। এর আগে-পরের দুটি ধসে প্রথম ইনিংসে খুব বড় হলো না স্বাগতিকদের সংগ্রহ। পরে জবাব দিতে নেমে ভারতকে ভালো শুরু এনে দিলেন ভাগ‍্যকে পাশে পাওয়া ইয়াশাসভি জয়সাওয়াল ও লোকেশ রাহুল।

ওয়েলিংটনে শুক্রবার ১ উইকেটে ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে দলটি এখনও ২০৯ রানে পিছিয়ে রয়েছে।

১১৬ বলে পাঁচ চারে ৫২ রানে ব‍্যাট করছেন রাহুল। ৩৫ বলে তিন চারে ১৬ রানে খেলছেন দেবদুত পাডিক্কাল। একমাত্র উইকেটটি নিয়েছেন ম‍্যাট হেনরি।

ভারতের ইনিংসের শুরুটা সহজ ছিল না। প্রথম রান নিতে সফরকারীদের লেগে যায় ২৬ বল। ‘বল-বাই-বল’ রেকর্ড পার করার পর থেকে যা তাদের সর্বোচ্চ।

দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরতে পারতেন ভারতের দুই ওপেনার। অধিনায়ক টম ল‍্যাথাম রিভিউ নিলে পাঁচ রানে ফিরতেন রাহুল। ছয় রানে গালিতে ফিলিপসের হাতে জীবন পান জয়সাওয়াল।

বেঁচে যাওয়া দুই ওপেনার গড়েন ১৩০ রানের জুটি। নিউ জিল‍্যান্ডে যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

নয় চারে ৬৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন জয়সাওয়াল। কট বিহাইন্ডের সফল রিভিউয়ে তাকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙে নিউ জিল‍্যান্ড। ৮৯ বলে ১৬ চারে জয়সাওয়াল থামেন ৮৫ রানে।

৯৯ বলে পঞ্চাশ স্পর্শ করা রাহুল দিনের বাকি সময়টা কাটিয়ে দেন পাডিক্কালকে নিয়ে। ভালো শুরু পাওয়ার পর এখন তাদের চোখ লিড নেওয়ার দিকে।

এর আগে ৫ উইকেটে ২৪৩ রানে দিন শুরু করে নিউ জিল‍্যান্ড। আগের দিন অপরাজিত ৯৪ রান করা ফিলিপস ১৩ চারে ১৯৩ বলে স্পর্শ করেন ক‍্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

এরপর বেশিদূর এগোতে পারেননি ফিলিপস। তাকে বোল্ড করে ২১৬ রানের জুটি ভাঙেন আকাশ দিপ।

ফিলিপসের বিদায়ের পর আর কোনো জুটি গড়তে পারেনি নিউ জিল‍্যান্ড। আগের দিন সেঞ্চুরি করা নিকোলসকে খুব একটা সঙ্গ দিতে পারেননি কেউ। দুই অঙ্ক ছুঁয়ে বিদায় নেন ন‍্যাথান স্মিথ ও কাইল জেমিসন। দ্রুত ফেরেন হেনরি ও জ‍্যাকব ডাফি।

৭০ রানে প্রথম ৫ উইকেট হারানো নিউ জিল‍্যান্ড শেষ ৫ উইকেট হারায় ৮২ রানে। মাঝে ২১৬ রানের জুটিতে তারা পায় ৩৬৮ রানের সংগ্রহ।

ম‍্যাচের চতুর্থ বলে ক্রিজে যাওয়া নিকোলস এক প্রান্ত আগলে রেখে অপরাজিত থাকেন ১৭৫ রানে। তার ৩৩৫ বল ও ৫৮৯ মিনিট স্থায়ী ইনিংস গড়া ২১ চারে।

৯২ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার জাসপ্রিত বুমরাহ। ৫৩ রানে ৩ উইকেট নেন আকাশ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৪৩/৫) ১২১ ওভারে ৩৬৮ (নিকোলস ১৭৫*, ফিলিপস ১১৮, স্মিথ ১৪, জেমিসন ১১, হেনরি ১, ডাফি ৪; বুমরাহ ২৯-৮-৯২-৪, কাম্বোজ ২৩-৫-৬৯-২, আকাশ ২৩-৭-৫৩-৩, প্রাসিধ ২৬-২-১০০-১, সুন্দার ২০-২-৪৫-০)

ভারত ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৫৯/১ (জয়সাওয়াল ৮৫, রাহুল ৫২*, পাডিক্বাল ১৬*; হেনরি ১২-৩-৪৩-১, জেমিসন ১১-৫-১৫-০, ডাফি ১০-০-৭২-০, স্মিথ ৬-০-২৯-০)