২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারি মাফায় তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’

আলো-ছায়ার পারস্পরিক সম্পর্ক, প্রকৃতি ও জীবনের নানা অনুষঙ্গ নিয়ে ৫০টি চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে গ্যালারি মাফায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 08:34 PM

Updated : 20 Nov 2026, 08:34 PM

গ্যালারির সাদা দেয়ালে ঝুলছে নানা রং ও গড়নের ক্যানভাস। কোথাও কমলা-হলুদের আভায় প্রখর রোদ, কোথাও সাদা-কালোয় ঘোড়ার অবয়ব কিংবা একাকী ফুল। আবার কোনো ক্যানভাসে নীলচে আবহে ফুটে উঠেছে সমুদ্র ও আকাশের দৃশ্য।

এমন ৫০টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর লালমাটিয়ায় গ্যালারি মাফায় শুরু হয়েছে ‘লাইট অ্যান্ড শ্যাডো’ শিরোনামের দলীয় চিত্রপ্রদর্শনী।

শুক্রবার বিকালে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী আব্দুল মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের তিন কর্মী সাইদ সাদী, তুষার শুভ্র দাস ও নাজমুল হাসানের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, আলো ও ছায়ার পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে জীবনের উজ্জ্বলতা, বিষণ্নতা, প্রকৃতি ও বিমূর্ত নানা বিষয় ক্যানভাসে তুলে ধরেছেন শিল্পীরা।

পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তারা।

২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি মাফায় সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।