টাঙ্গাইলে একে একে বন্ধ হচ্ছে শাল-চাদরের কারখানা, পেশা ছাড়ছেন তাঁতিরা
কারখানা মালিকেরা জানান, সুতার দাম যে হারে বেড়েছে, শাল-চাদরের দাম সে হারে বাড়েনি।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একসময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল শাল-চাদর তৈরির কারখানা। বাহারি সুতা ও নকশার এসব শাল-চাদরের সুনাম ছিল দেশজুড়ে।
কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রমিক সংকট ও পাওয়ার লুমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে এখন একে একে তাঁত কারখানা বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা জাহিদুর রহমান।
জেলার বাসাইল, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় শাল-চাদর তৈরির কারখানা রয়েছে। এর মধ্যে বাসাইলের বাথুলি সাদী গ্রামে সবচেয়ে বেশি কারখানা। একসময় এ গ্রামে ৮০টি কারখানা চালু ছিল। এখন এর মধ্যে ৭০টিই বন্ধ। চালু রয়েছে মাত্র ১০টি।
কারখানা মালিকেরা জানান, সুতার দাম যে হারে বেড়েছে, শাল-চাদরের দাম সে হারে বাড়েনি। ফলে উৎপাদন খরচ উঠছে না। লোকসানের কারণে নতুন করে বিনিয়োগ করতেও ভয় পাচ্ছেন তারা।
বাথুলি সাদী গ্রামের তাঁত মালিক আ. ছালাম বলেন, সুতার দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না। ঋণের কিস্তি পরিশোধের পর পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। লোকসানের কারণে তার ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিয়েছেন।
আরেক তাঁত মালিক মো. বাদল মিয়া বলেন, দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের শাল-চাদরের চাহিদা রয়েছে। এসব পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ ও কম সুদে ঋণের ব্যবস্থা করলে শিল্পটি টিকে থাকতে পারে।
বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় কারখানা দুটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
শুধু কারখানা মালিক নন, সংকটে পড়েছেন তাঁতিরাও। কম মজুরিতে দীর্ঘ সময় কাজ করেও সংসার চালাতে পারছেন না তারা। এ কারণে অনেকে বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে এ পেশায় কাজ করছেন মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ। তারা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে ২০টি চাদর বুনলে প্রতিটির জন্য মজুরি পান ২৫ টাকা।
অন্যদিকে, খটখটি তাঁতে দিনে ছয় থেকে সাতটি চাদর বুনে প্রতিটির জন্য ৫০ থেকে ৫৫ টাকা পাওয়া যায়। এ আয়ে সংসার চালানো কঠিন হওয়ায় অনেকে পেশা বদল করছেন।
টাঙ্গাইলে সুতি, উল, সিল্ক ও মিশ্র সুতা দিয়ে বিভিন্ন নকশার শাল-চাদর তৈরি হয়। এর মধ্যে জামদানি নকশা, চেলি পাড়, ব্লক ও এমব্রয়ডারির কাজ করা চাদরও রয়েছে। নকশা ও মানভেদে এসব শাল-চাদরের দাম ৭০০ থেকে তিন হাজার টাকা।
বাংলাদেশ তাঁত বোর্ডের (বাতাঁবো) টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমান বলেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অনেক মালিক লোকসানে কারখানা বন্ধ করছেন। কেউ কেউ অন্য পেশায় চলে যাচ্ছেন। সরকারি সহায়তা থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। এ শিল্প টিকিয়ে রাখতে সহায়তা আরও বাড়ানো জরুরি।
