এস আলমের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্প কারখানা একযোগে গত ১ অগাস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়।
শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন চাকরি হারানো শ্রমিক-কর্মচারীরা।
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন প্রায় হাজার খানেক শ্রমিক-কর্মচারী।
‘এস আলম গ্রুপের সব বন্ধ কল-কারখানা খুলে দেওয়া এবং চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার বেকারত্ব নিরসনের’ দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্প কারখানা একযোগে গত ১ অগাস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়।
স্মারকলিপি দিতে আসা চাকরি হারানো এস আলম গ্রুপের কর্মচারী হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানাগুলো বন্ধ আছে। আমাদের প্রায় ১২ হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। প্রায় দুই বছর বন্ধ থাকার পরও কোম্পানি গত অগাস্ট পর্যন্ত আমাদের বেতন দিয়েছে। তিন-চার মাস আমাদের কোনো আয় নেই।
“মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি একটাই- আমাদের চাকরিটা যেন ফিরে পাই। বন্ধ মিল-কারখানাগুলো চালু করে দিলে আমরা আবার চাকরি ফেরত পাব। আমরা পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থায় আছি। আমাদের মা-বাবা অসুস্থ। সন্তানদের স্কুলের বেতন দিতে পারি না। পড়ালেখা করাতে পারি না। সরকারের কাছে একটাই দাবি চাকরিটা ফেরত চাই।”
এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো হল- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম স্টিল, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও পশু খাদ্যের একটি কারখানা।
২০২৪ সালের অগাস্ট থেকে পরের দুই বছর ধরে কারখানাগুলো পুরোদমে চালু না থাকলেও কর্মরতদের বেতন ভাতা দেওয়া হয়েছিল।
পরে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় এবং নতুন করে এলসি খুলতে না পারায় এসব কারখানার কাঁচামাল আনা সম্ভব হয়নি। ধাপে ধাপে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ছাটাই করা হয়। সবশেষ ১ অগাস্ট থেকে অবশিষ্ট শ্রমিক-কর্মীদের ছাটাইয়ের নোটিস দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
রোববার স্মারকলিপি দিতে আসা এস আলম গ্রুপের কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ খান কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমাদের বাচ্চাকাচ্চা নিয়ে খুব অসহায় আছি। আমরা বিভিন্ন জায়গায় গেছি, কোনো চাকরি পাচ্ছি না। বয়স ৫০ বছর বললে ওরা মুখ ফিরিয়ে নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন আমাদের চাকরি ফেরত দেয়।”
স্মারকলিপি গ্রহণের পর চট্টগ্রামের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, শ্রমিক-কর্মচারীরা কারখানায় ফিরে যেতে চান। তাদের স্মারকলিপি সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।
“সরকারও পজেটিভ চিন্তা করছে, কীভাবে মানুষগুলোকে তাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া যায়।”
