কুমিল্লায় লরির পেছনে বাসের ধাক্কার পর চার গাড়ির সংঘর্ষ, আহত ২৫
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত লরির পেছনে বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার রাত পৌনে ২টায় মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম।
দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস। আহতদের মধ্যে গুরুতর আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের বাস। এর মূহূর্তের মধ্যে বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে ওই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস।
তিনি বলেন, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব খুব কম ছিল। ফলে লরির পেছনে বাসটির ধাক্কা লাগার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা দুটি বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
চান্দিনা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আমরা গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে অন্য আহতদের স্থানীয়দের সহযোগিতায় পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। আহতদের সংখ্যা ২৫ জন হতে পারে। আরও বাড়তেও পারে।
তবে ঘটনাস্থলে কেউ নিহত হননি বলে জানান এ কর্মকর্তা।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক সাহাবুদ্দিন রানা জানান, “দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
