সাতক্ষীরায় চলন্ত বাইকে ‘ব্লগ’ করার সময় গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক তরুণের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও আরোহী। তারা চলন্ত মোটরসাইকেলে ব্লগ ভিডিও করছিলেন বলে ভাষ্য প্রত্যক্ষদর্শীদের।
শনিবার দুপুরে উপজেলার শোভনালী এলাকায় সাতক্ষীরা-পারুলিয়া সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশাশুনি থানায় এসআই তারিকুর রহমান শুভ।
নিহত মোস্তাকিম (২১) সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই তিনজন নিয়মিত ব্লগ ভিডিও ও টিকটক করতেন। ঘটনার সময়ও তারা ভিডিও তৈরিতে ব্যস্ত ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মৃতদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এসআই তারিকুর রহমান বলেন, দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
