টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ২
বাসটি জামালপুরের বকশীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে জানায় পুলিশ।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা দিয়েছে। এতে বাসের সুপারভাইজারসহ দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
সোমবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন।
নিহত বাসের সুপারভাইজারের নাম মিনাল (২৫)। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা দেন।
এতে বাসের সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি মাহবুবুর রহমান বলেন, আহতদের টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
