১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পদ্মায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, ভারসাম্য হারিয়ে বাসে আঘাত পেয়ে শিশুর মৃত্যু

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বেড়াচাক্কি এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 06:19 PM

Updated : 13 Nov 2026, 06:19 PM

শরীয়তপুরের ভেদরগঞ্জে মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি একটি বাল্কহেড ধাক্কা দিয়েছে। এতে ভারসাম্য হারিয়ে ফেরিতে থাকা বাসের বডিতে আঘাত পেয়ে এক শিশুর প্রাণ গেছে; আহত হয়েছে আরও এক শিশু।

দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। সেইসঙ্গে বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বেড়াচাক্কি এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন।

নিহত তরিকুল ইসলাম (১১) ডামুড্যা উপজেলার বাসিন্দা। আহত শিশুটিকে স্পিডবোটে করে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ১০টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এর মধ্যে ১১ বছরের তরিকুল ফেরিতে থাকা একটি বাসের বডিতে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু।

নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা এক শিশু বাসের সঙ্গে আঘাত পেয়ে মারা যায়। ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।