পিরোজপুর দুটি বাসে অগ্নিসংযোগ, ঘুমিয়ে থাকা হেলপার নিহত
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাহক পরিবহনের বাস থেকে অগ্নিদগ্ধ সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা হেলপার নিহত হয়েছেন।
বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান।
নিহত সিয়াম (২৫) বরিশালের উজিরপুর উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভোরের দিকে ভান্ডারিয়া স্ট্যান্ডে থাকা বাহক নামের বরিশাল মালিক সমিতির গাড়ি এবং ঝালকাঠি সমিতির লিসা নামের গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাহক পরিবহনের বাস থেকে অগ্নিদগ্ধ সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জগলুল হাসান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস মালিকদের খবর দেয়া হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।
