ডায়াবেটিস ব্যবস্থাপনা সহজ করবে যেসব অ্যাপ
খাবারের ক্যালরি ও কার্বোহাইড্রেটের হিসাব, গ্লুকোজ পর্যবেক্ষণ থেকে ওষুধের রিমাইন্ডার, সবই এখন হাতের মুঠোয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন খাবারের হিসাব রাখা, নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়া, রক্তে শর্করার মাত্রা পরীক্ষা এবং শারীরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখা জরুরি। কিন্তু ব্যস্ত জীবনে এসব কাজ নিয়মিত করা অনেকের জন্যই কঠিন। কখন কী খেয়েছেন, কতটা কার্বোহাইড্রেট শরীরে গেছে কিংবা ওষুধ নেওয়ার সময় হয়েছে কি না, সবকিছু মনে রাখাও সহজ নয়।
স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ এখন এসব কাজ অনেকটাই সহজ করে দিচ্ছে। কিছু অ্যাপ রক্তে গ্লুকোজের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করে, কিছু খাবারের ক্যালরি ও পুষ্টিমান হিসাব করে, আবার কিছু নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। কোনো কোনো অ্যাপে এসব সুবিধা একসঙ্গে পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের পরামর্শেও ডায়াবেটিস ব্যবস্থাপনায় নিয়মিত গ্লুকোজ পর্যবেক্ষণ, খাবার ও শারীরিক কর্মকাণ্ডের তথ্য রাখার গুরুত্ব উঠে এসেছে। স্মার্টফোন অ্যাপ এসব তথ্য এক জায়গায় সংরক্ষণ করে রোগী ও চিকিৎসককে দৈনন্দিন পরিবর্তন বুঝতে সহায়তা করতে পারে। আসুন, জেনে নেওয়া যাক ডায়াবেটিস ব্যবস্থাপনায় কয়েকটি বিশেষায়িত অ্যাপ সম্পর্কে–
ডায়াবেটিস:এম
ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য তৈরি এই অ্যাপে রক্তে গ্লুকোজের মাত্রা, ইনসুলিনের ডোজ, খাবারের কার্বোহাইড্রেট, ওজন, রক্তচাপ ও শারীরিক কর্মকাণ্ডের তথ্য রাখা যায়।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব ফিচার নির্দেশিকায় বলা হয়েছে, এতে গ্লুকোজ পরীক্ষা ও অন্যান্য কাজের জন্য নির্দিষ্ট সময় এবং পুনরাবৃত্ত সময়সূচি অনুযায়ী রিমাইন্ডার সেট করা যায়। ব্যবহারকারীর সংরক্ষিত তথ্য থেকে গ্রাফ ও প্রতিবেদন তৈরি করা সম্ভব, যা চিকিৎসকের সঙ্গে আলোচনায় কাজে লাগতে পারে।
এতে খাবারের কার্বোহাইড্রেট, চর্বি ও প্রোটিনের তথ্যের ভিত্তিতে ইনসুলিনের প্রয়োজন হিসাব করার একটি সুবিধাও রয়েছে। তবে, এটি ব্যবহার করে নিজের সিদ্ধান্তে ইনসুলিনের ডোজ নির্ধারণ করা একেবারেই ঠিক হবে না। এ ধরনের হিসাবের জন্য চিকিৎসকের নির্ধারিত অনুপাত ও নির্দেশনা প্রয়োজন।
মাইসুগার
ডায়াবেটিস ব্যবস্থাপনায় পরিচিত আরেকটি অ্যাপ মাইসুগার। এতে গ্লুকোজের মাত্রা, খাবার, কার্বোহাইড্রেট, ইনসুলিন ও দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ডের তথ্য সংরক্ষণ করা যায়।
অ্যাপটির নির্মাতা অ্যাকু-চেকের ওয়েবসাইটে বলা হয়েছে, এতে গ্লুকোজের তথ্য বিশ্লেষণ, বিভিন্ন সময়ের পরিবর্তনের ধরন শনাক্ত এবং প্রতিবেদন তৈরি করে চিকিৎসক বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করে নেওয়ার সুবিধা রয়েছে।
সামঞ্জস্যপূর্ণ অ্যাকু-চেক গ্লুকোজ মিটার যুক্ত করলে কিছু মডেলে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার ফল অ্যাপে চলে আসে। অ্যাপটিতে গ্লুকোজ পরীক্ষার রিমাইন্ডারও রয়েছে। তবে সব সুবিধা সব দেশে বা সব মডেলে পাওয়া যায় না।
গ্লুকোজ বাডি
রক্তে শর্করার মাত্রার পাশাপাশি খাবার, কার্বোহাইড্রেট, ইনসুলিন, ওষুধ, ব্যায়াম ও ওজনের হিসাব রাখতে পারে গ্লুকোজ বাডি।
অ্যাপটির নিজস্ব ফিচার নির্দেশিকায় বলা হয়েছে, এতে ওষুধ খাওয়া ও গ্লুকোজ পরীক্ষা করার সময় হলে সতর্কবার্তা পাওয়া যায়। গ্লুকোজের পরিবর্তনের গ্রাফ এবং খাবার ও শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে শর্করার ওঠানামার সম্পর্ক বোঝার সুবিধাও রয়েছে।
এতে ধারাবাহিক গ্লুকোজ পর্যবেক্ষণ যন্ত্রের কিছু তথ্য যুক্ত করার ব্যবস্থাও রয়েছে। ফলে বিভিন্ন উৎস থেকে পাওয়া স্বাস্থ্যতথ্য এক জায়গায় রাখা সম্ভব।
গ্লুকো
যারা একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহার করেন, তাদের জন্য গ্লুকো কাজে আসতে পারে। সামঞ্জস্যপূর্ণ গ্লুকোজ মিটার, ধারাবাহিক গ্লুকোজ পর্যবেক্ষণ যন্ত্র, ইনসুলিন পাম্প ও স্মার্ট ইনসুলিন পেনের তথ্য এক জায়গায় দেখার সুবিধা রয়েছে এতে।
গ্লুকোর নিজস্ব ওয়েবসাইট ও যন্ত্রের সামঞ্জস্যসংক্রান্ত নির্দেশিকায় অ্যাকু-চেক, ডেক্সকম, মেডট্রনিক, ওয়ানটাচসহ বিভিন্ন নির্মাতার যন্ত্রের সঙ্গে সংযোগের তথ্য রয়েছে। অ্যাপটি রোগী ও চিকিৎসককে ডায়াবেটিস ব্যবস্থাপনার তথ্য পর্যালোচনায় সহায়তা করে।
তবে সব যন্ত্রের সঙ্গে সংযোগ এবং সব সুবিধা সব দেশে পাওয়া যায় না। কোন যন্ত্র ব্যবহার করা যাবে, তা অ্যাপটির হালনাগাদ সামঞ্জস্য তালিকা দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন।
খাবারের ক্যালরি ও কার্বোহাইড্রেটের হিসাব
ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের পরিমাণের পাশাপাশি তাতে কী ধরনের পুষ্টি উপাদান রয়েছে, তা জানা গুরুত্বপূর্ণ। বিশেষ করে কার্বোহাইড্রেট শরীরে গ্লুকোজের মাত্রায় সরাসরি প্রভাব ফেলে। এ জন্য সাধারণ খাবার ও ক্যালরি গণনার অ্যাপও কাজে আসতে পারে।
মাইফিটনেসপাল
খাবারের ক্যালরি ও পুষ্টিমান হিসাব রাখার পরিচিত অ্যাপগুলোর একটি মাইফিটনেসপাল। এতে সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাবার ও মাঝের সময়ের খাবার আলাদাভাবে যুক্ত করা যায়।
অ্যাপটির সহায়তা নির্দেশিকায় বলা হয়েছে, ব্যবহারকারী খাবারের নাম বা ব্র্যান্ড লিখে খুঁজে সেটির পরিবেশনের পরিমাণ নির্ধারণ করে দৈনিক খাদ্যতালিকায় যুক্ত করতে পারেন। এতে খাবারের ক্যালরি ও বিভিন্ন পুষ্টি উপাদানের হিসাব পাওয়া যায়।
প্যাকেটজাত খাবারের বারকোড স্ক্যান করেও পুষ্টির তথ্য যুক্ত করা সম্ভব। তবে বারকোড স্ক্যান ও খাবারের ছবি থেকে তথ্য শনাক্ত করার মতো কিছু সুবিধার জন্য অর্থ দিয়ে প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে হয়।
ফ্যাটসিক্রেট
খাবারের ক্যালরি, প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেটের হিসাব রাখতে ফ্যাটসিক্রেট ব্যবহার করা যায়। এতে প্রতিদিনের খাবার আলাদা করে লিখে রাখার পাশাপাশি ওজন ও শারীরিক কর্মকাণ্ডের তথ্যও সংরক্ষণ করা যায়।
অ্যাপটির নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, এর খাবারের তথ্যভান্ডারে ২৩ লাখের বেশি যাচাইকৃত খাবারের তথ্য রয়েছে। প্যাকেটজাত খাবারের বারকোড স্ক্যান করে ক্যালরি ও পুষ্টিমান যুক্ত করার সুবিধাও বিনা মূল্যে পাওয়া যায়।
তবে বাংলাদেশের প্রচলিত সব খাবারের সঠিক পুষ্টিমান এতে পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। খাবারের উপাদান ও পরিবেশনের পরিমাণের সঙ্গে অ্যাপের তথ্য মিলিয়ে নেওয়া জরুরি।
ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেবে যে অ্যাপ
মেডিসেইফ
নিয়মিত ওষুধ খাওয়ার সময় ভুলে গেলে মেডিসেইফ ব্যবহার করা যেতে পারে। এতে ওষুধের নাম, ডোজ ও গ্রহণের সময় নির্ধারণ করে রাখলে নির্দিষ্ট সময়ে স্মার্টফোনে সতর্কবার্তা আসে।
অ্যাপটির সহায়তা কেন্দ্রে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ব্যবহারকারী প্রতিটি ওষুধের জন্য আলাদা সময়সূচি তৈরি করতে পারেন। ওষুধ নেওয়ার পর অ্যাপে তা চিহ্নিত করা যায়। ফলে কোন দিন ওষুধ নেওয়া হয়েছে আর কোন দিন বাদ পড়েছে, তার হিসাব থাকে।
কোনো নির্ধারিত ডোজ নেওয়া না হলে পরিবারের সদস্য বা পরিচর্যাকারীকে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও রয়েছে। এ সুবিধাকে অ্যাপটিতে ‘মেডফ্রেন্ড’ বলা হয়। তবে এটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে অ্যাকাউন্ট সংযোগ করতে হয়।
একাধিক ওষুধ নিয়মিত নিতে হয়, এমন ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে কাজে আসতে পারে। তবে মেডিসেইফের সহায়তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে অ্যাপটি ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে।
বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ?
এসব অ্যাপ ব্যবহারের আগে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। প্রথমত, সব অ্যাপের খাবারের তথ্যভান্ডারে বাংলাদেশের প্রচলিত খাবার যেমন ভাত, ডাল, রুটি, মাছ, ভর্তা কিংবা স্থানীয় খাবারের সঠিক পুষ্টিমান ও পরিবেশনের পরিমাণ নাও থাকতে পারে। সে ক্ষেত্রে খাবারের উপাদান ও পরিমাণ নিজে যাচাই করে যুক্ত করতে হবে।
দ্বিতীয়ত, ক্যালরি হিসাব আর চিকিৎসকের নির্ধারিত খাদ্যতালিকা এক বিষয় নয়। বিশেষ করে ইনসুলিন ব্যবহারকারীদের জন্য খাবারের মোট ক্যালরির পাশাপাশি কার্বোহাইড্রেটের পরিমাণ জানা গুরুত্বপূর্ণ। অ্যাপের হিসাব দেখে নিজের ইচ্ছায় ইনসুলিনের ডোজ পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে।
তৃতীয়ত, সব অ্যাপ বিনা মূল্যে সব সুবিধা দেয় না। কিছু অ্যাপের উন্নত প্রতিবেদন, যন্ত্রের সঙ্গে সংযোগ কিংবা বারকোড স্ক্যানের সুবিধা পেতে অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নিতে হয়। আবার কোনো কোনো অ্যাপের যন্ত্র সংযোগের সুবিধা দেশ ও মডেলভেদে আলাদা।
অ্যাপ ব্যবহারের আগে প্রাইভেসির বিষয়টিও বিবেচনা করা দরকার। গ্লুকোজের মাত্রা, ওষুধের তালিকা ও অন্যান্য স্বাস্থ্যতথ্য ব্যক্তিগত। তাই অ্যাপের তথ্য ব্যবহারের নীতি এবং কার সঙ্গে তথ্য শেয়ার করা হচ্ছে, তা দেখে নেওয়া উচিত।
কোন অ্যাপটি কার জন্য?
যারা গ্লুকোজ, ইনসুলিন, খাবার ও ওষুধের তথ্য একসঙ্গে রাখতে চান, তাদের জন্য ডায়াবেটিস:এম বা মাইসুগার বিবেচনা করা যেতে পারে। খাবারের ক্যালরি ও পুষ্টিমান হিসাব করতে মাইফিটনেসপাল বা ফ্যাটসিক্রেট কাজে আসতে পারে। আর ওষুধ খাওয়ার সময় মনে রাখতে মেডিসেইফ একটি আলাদা সমাধান।
তবে কোনো একটি অ্যাপ সবার জন্য সমান কার্যকর নয়। ব্যবহারকারীর ডায়াবেটিসের ধরন, চিকিৎসা, ব্যবহৃত যন্ত্র, প্রয়োজনীয় সুবিধা ও খরচের ওপর নির্ভর করে উপযুক্ত অ্যাপ বেছে নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্মার্টফোন অ্যাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক, চিকিৎসার বিকল্প নয়। অ্যাপের তথ্য চিকিৎসককে দেখিয়ে খাদ্যাভ্যাস, ওষুধ ও জীবনযাপনের সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ। প্রযুক্তি দৈনন্দিন হিসাব রাখা সহজ করতে পারে, কিন্তু রোগ নিয়ন্ত্রণে নিয়মিত চিকিৎসা ও সচেতনতার বিকল্প হতে পারে না।
