শিশুদেরকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘টকি’ অ্যাপ সরাল অ্যাপল
টকি অ্যাপ ব্যবহারকারীদের চ্যাটিং করার জন্য অসংখ্য ভার্চুয়াল সঙ্গীর সুবিধা দেয়, যেগুলোর আলাপে প্রায়ই রোমান্টিক আবহ থাকে।
শিশু বা অপ্রাপ্তবয়স্কদের যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এ সপ্তাহে বিশ্বজুড়ে নিজেদের অ্যাপ স্টোর থেকে মিনিম্যাক্সের জনপ্রিয় চ্যাটবট অ্যাপ টকি সরিয়ে নিয়েছে অ্যাপল।
২০২৩ সালে চালু হওয়া ‘টকি’ অ্যাপটি ব্যবহারকারীদের চ্যাটিং করার জন্য অসংখ্য ভার্চুয়াল সঙ্গী বা ‘কম্প্যানিয়ন’-এর সুবিধা দেয়, যেগুলোর আলাপে প্রায়ই রোমান্টিক আবহ থাকে।
সাংহাইভিত্তিক কোম্পানি মিনিম্যাক্সের এই অ্যাপের ‘সিংইয়ে’ নামে এক চীনা সংস্করণও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বুধবার এবিসি নিউজ ও ‘ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপটির এআই-নির্মিত বিভিন্ন চরিত্র শিশুদের কাছে যৌনতা-সংশ্লিষ্ট অনুপযুক্ত ও আপত্তিকর বার্তা পাঠিয়েছে।
অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর উভয় জায়গাতেই অ্যাপটির রেটিং ‘১৮+’। দেশভেদে ১৪ বা ১৬ বছরের কম বয়সিদের এতে নিবন্ধন করার অনুমতি নেই বলে অ্যাপটির পক্ষ থেকে দাবি করা হয়।
তবে শিশু নিরাপত্তা অধিকারকর্মীরা এর দুর্বল বয়স যাচাইকরণ ব্যবস্থার সমালোচনা করেছেন, যেখানে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের বয়স উল্লেখ করে নিবন্ধন করতে পারেন।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মিনিম্যাক্স ও অ্যাপল।
গবেষণা কোম্পানি ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুসারে, বিভিন্ন ভাষায় মেলা ‘টকি’ অ্যাপটি যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স ও মেক্সিকোতে বিশেষভাবে জনপ্রিয়।
চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এলএলএমভিত্তিক এআই অ্যাসিস্ট্যান্টগুলোর চেয়ে ভিন্ন ধাঁচে তৈরি এসব এআই কম্প্যানিয়ন।
ব্যবহারকারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী আবেগপূর্ণ সম্পর্ক ও মানুষের মতো আলাপ চালিয়ে যাওয়ার উপযোগী করে এগুলো তৈরি হয়েছে, যার কোনো কোনোটিতে রোমাঞ্চকর গল্পের আবহও থাকে।
মিনিম্যাক্সের আয়ের বড় উৎস ছিল টকি ও সিংইয়ে। ২০২৪ সালে কোম্পানিটির মোট আয়ের ৬০ শতাংশেরও বেশি এসেছিল এই দুটি অ্যাপ থেকে।
তবে এ বছর চ্যাটবট-সংশ্লিষ্ট আয়ের আলাদা হিসাব প্রকাশ করা বন্ধ করেছে মিনিম্যাক্স।
চীনা গবেষণা কোম্পানি ‘ইউনিক’-এর তথ্যমতে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত অ্যাপ ও ওয়েবসাইট মিলিয়ে টকির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ১০ লাখ।
গেল জানুয়ারিতে হংকংয়ে আইপিও ছাড়ার পর থেকে এন্টারপ্রাইজ কোডিং ও ‘মিনিম্যাক্স এম১’ ও ‘হাইলুও-০২’-এর মতো মাল্টিমোডাল এআই মডেলের দিকে বেশি মনোযোগ দিয়েছে মিনিম্যাক্স।
এআই চ্যাটবট নিয়ে বাড়ছে নজরদারি
অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে আলাপের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি সামনে আসায় এআই চ্যাটবটগুলো এখন ক্রমাগত নজরদারির মুখে পড়েছে।
নারী ও শিশুদের যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরিতে ব্যবহৃত হওয়ার পর এ বছর বিভিন্ন সরকারের সমালোচনার মুখে পড়েছে ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রক’।
এ ছাড়া, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অনুপযোগী আলাপের অভিযোগে যুক্তরাষ্ট্রে একাধিক মামলার মুখে রয়েছে এআই কম্প্যানিয়ন নির্মাতা কোম্পানি ‘ক্যারেক্টার ডট এআই’।
জুলাইয়ে চীনে ‘সিংইয়ে’সহ দেশীয় এআই কম্প্যানিয়ন অ্যাপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
অপ্রাপ্তবয়স্কদের জন্য এসব অ্যাপে ঘনিষ্ঠ সম্পর্ক নিষিদ্ধ করার পাশাপাশি আবেগপ্রবণ নির্ভরতা ও আসক্তির ঝুঁকি কমাতে কঠোর সুরক্ষাব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয় এসব প্ল্যাটফর্মকে।
নিয়ন্ত্রক সংস্থার এসব বিধিনিষেধের জেরে বাইটড্যান্স ও আলিবাবাও তাদের অ্যাপ থেকে মানুষের মতো আচরণকারী ইন্টারঅ্যাকটিভ এজেন্ট ও কাস্টমাইজড এজেন্ট ফিচারগুলো বন্ধ করেছে।
নিয়ন্ত্রক সংস্থা ও প্রযুক্তি কোম্পানিগুলোর এসব পদক্ষেপে চীনা ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে, যাদের অনেকেই এসব ভার্চুয়াল চরিত্রের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
