সিদ্ধান্ত নিতে টিনএজারদের ভরসা এখন এআই চ্যাটবট, বলছে জরিপ
অফকম সতর্ক করে বলেছে, ক্রমেই সাধারণ হয়ে ওঠা এসব ডিজিটাল টুল ‘ঝুঁকি তৈরি করতে পারে’।
সাম্প্রতিক মাসগুলোতে প্রতি পাঁচজন শিশুর মধ্যে প্রায় চারজন ও প্রাপ্তবয়স্কদের প্রায় দুই-তৃতীয়াংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করেছেন বলে উঠে এসেছে সাম্প্রতিক এক অনলাইন নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংস্থার জরিপে।
যুক্তরাজ্যের যোগাযোগ ও সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম সতর্ক করে বলেছে, ক্রমেই সাধারণ হয়ে ওঠা এসব ডিজিটাল টুল ‘ঝুঁকি তৈরি করতে পারে’।
যুক্তরাজ্যের ২ হাজার ৪ জন শিশু ও তাদের অভিভাবকদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, আট থেকে ১৭ বছর বয়সিদের ৮১ শতাংশ গেল ছয় মাসে এআই চ্যাটবট ব্যবহারের কথা জানিয়েছে।
তাদের মধ্যে ৩৫ শতাংশ বা এক-তৃতীয়াংশেরও বেশি বলেছে, তারা প্রতিদিন চ্যাটবট ব্যবহার করে। আর সাপ্তাহিকভাবে ব্যবহার করে ৮২ শতাংশ।
৫৪ শতাংশ বা অর্ধেকের সামান্য বেশি বলেছে, প্রশ্ন জিজ্ঞাসা ও নিজেদের আগ্রহের বিষয়গুলো জানতে চ্যাটবট ব্যবহার করে ও ৫৩ শতাংশ ব্যবহার করে স্কুলের পড়া বা বাড়ির কাজের জন্য।
১৩ থেকে ১৭ বছর বয়সি টিনএজারদের এক-তৃতীয়াংশের সামান্য বেশি বলেছে, তারা চ্যাটবটের সঙ্গে রোলপ্লে বা চরিত্রাভিনয়ে অংশ নিয়েছে, যার মধ্যে চ্যাটবটকে একজন মানুষের মতো আচরণ করতে ও সিদ্ধান্ত নিতে বলার বিষয়টিও রয়েছে।
অন্যদিকে, গ্রেট ব্রিটেনে জরিপকৃত ২ হাজার ৮১ জন প্রাপ্তবয়স্কের ৬৪ শতাংশ বলেছে, তারা সম্প্রতি চ্যাটবট ব্যবহার করেছে।
প্রায় প্রতি আট জনে একজন বা ১২ শতাংশ বলেছে, তারা এআই তৈরি চরিত্রের সঙ্গে আলাপ করেছে ও ৮ শতাংশ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্দেশ্যে এগুলো ব্যবহারের কথা জানিয়েছে।
এদিকে, এক-চতুর্থাংশ চিকিৎসা পরামর্শের জন্য ও ১২ শতাংশ সম্পর্কের বিষয়ে সহায়তার মতো ব্যক্তিগত পরামর্শের জন্য চ্যাটবট ব্যবহার করেছে।
এআই চরিত্রের সঙ্গে আলাপ করা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের মধ্যে অর্ধেক বলেছেন, তারা এসব চরিত্রের প্রতি মানসিক সংযোগ অনুভব করেছেন। প্রতি সাতজনে একজন বলেছেন, তারা মাঝেমধ্যে ভুলে যান যে এটা মানুষ নয়, বরং এআই।
বসন্তে কার্যকর হতে যাওয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার নিয়মে এআই চ্যাটবটের ওপর সরাসরি পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা কম।
আগে, যুক্তরাজ্য সরকার বলেছিল, কোনো চ্যাটবট বিভ্রান্তিকর বা যাচাইহীন মানসিক স্বাস্থ্য পরামর্শ দিলে তা নিষিদ্ধ করার বিষয়টি খতিয়ে দেখা হবে। কারণ এগুলো ‘শিশুদের নিরাপত্তা ও সুস্থতার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে’।
সরকার বলেছে, তারা মনে করে এআই ‘শিশুদের সুবিধা দিতে পারে’ ও তরুণ-তরুণীরা যেন ‘নিরাপদে এসব প্রযুক্তি থেকে উপকার পেতে পারে’ তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
অফকমের প্রযুক্তি নীতি পরিচালক অ্যান্ড্রু ব্রিজ বলেছেন, “ক্রমশ মানুষের ডিজিটাল জীবনের একটি অংশ হয়ে উঠছে এআই চ্যাটবট।
“এসব টুল ব্যবহারকারীদের ইতিবাচক অভিজ্ঞতা দিলও এগুলো ঝুঁকি তৈরি করতে পারে।
“শিশু ও প্রাপ্তবয়স্করা কোথায় ও কীভাবে এসব সেবা ব্যবহার করছে তা বোঝা জরুরি, যাতে সবাই নিরাপদে এগুলো থেকে উপকৃত হতে ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা কার্যকর থাকে তা আমরা নিশ্চিত করতে পারি।”
অগাস্ট ও সেপ্টেম্বরে গবেষণাটি পরিচালনা করেছে অফকম।
সংস্থাটি বলেছে, যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক ও শিশুরা কীভাবে এআই সঙ্গী ও চ্যাটবট ব্যবহার করছে, ঝুঁকি ও সুবিধা উভয় দিক বিবেচনায় রেখে তা খতিয়ে দেখবে তারা।
