০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

নতুন আপডেটে সিরি এখন ব্যবহারকারীর নিজস্ব ডেটা থেকে তাদের ব্যক্তিগত প্রসঙ্গ বুঝতে ও এআইয়ের সাহায্যে সেটাকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে পারে।

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

নতুন ফিচারটি পুরোপুরি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর ওপর নির্ভর করবে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 07:36 PM

Updated : 06 Nov 2026, 07:36 PM

ভয়েস অ্যাসিস্ট্যান্টকে ঢেলে সাজাতে ও এর রূপান্তর ঘটাতে এবার আইফোনের সব অ্যাপের জন্য সিরি’কে উন্মুক্ত করে দিচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

দীর্ঘদিন ধরেই সিরির মান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল কোম্পানিটি।

সাম্প্রতিক বছরগুলোতে গুগলের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো তাদের পণ্যে একের পর এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার যোগ করায় এই সমালোচনা আরও তীব্র হয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

সমালোচকরা বলছেন, এআই টুলগুলো পর্যাপ্ত দ্রুততার সঙ্গে গ্রহণ করতে অ্যাপলের দীর্ঘসূত্রতার কারণেই সক্ষমতা ও স্মার্টনেসে সিরি তুলনামূলকভাবে পিছিয়ে আছে।

এই ব্যবধান ঘোচাতে গেল গ্রীষ্মেই বড় পদক্ষেপ নিয়েছিল অ্যাপল। ওই সময় ভয়েস অ্যাসিস্ট্যান্টের সম্পূর্ণ নতুন সংস্করণ বা ‘সিরি এআই’-এর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

সেপ্টেম্বরে আইওএস ২৭-এর সঙ্গে বাজারে আসা এ নতুন আপডেটের ফলে সিরি এখন ব্যবহারকারীর নিজস্ব ডেটা থেকে তাদের ব্যক্তিগত প্রসঙ্গ নিখুঁতভাবে বুঝতে ও এআইয়ের সাহায্যে সেটাকে কার্যকর তথ্য ও পদক্ষেপে রূপান্তর করতে পারে।

প্রাথমিকভাবে এসব টুলের কার্যকারিতা কেবল অ্যাপলের নিজস্ব অ্যাপগুলোর মধ্যেই সীমিত ছিল। তবে বর্তমান বাস্তবতায় সেই সীমাবদ্ধতা কাটিয়ে এবার ডেভেলপারদের জন্যও এসব টুল উন্মুক্ত করে দিচ্ছে অ্যাপল, যার ফলে থার্ড-পার্টি বা বাইরের অ্যাপগুলোও সরাসরি এই সহকারীর সুবিধা নিতে পারবে।

এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনে বড় সুবিধা পাবেন। কোনো রাইড শেয়ারিং অ্যাপে ট্যাক্সি বুক করার পর যাত্রাপথে কেবল মুখে বলেই সেই গন্তব্য পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারী।

পাশাপাশি, এর মাধ্যমে আরও জটিল ও বহুমাত্রিক কাজ করা সম্ভব হবে।

অ্যাপল বলেছে, এখন থেকে ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট অ্যাপে কোনো বিশেষ জুতা ছাড়ে বিক্রি হচ্ছে কি না তা জানতে বা বাজারে থাকা অন্য কোনো সমমানের জুতার সঙ্গে সেটার তুলনাও করতে পারবেন।

পুরো ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছে ‘অ্যাপ ইনটেন্টস’ নামের একটি বিষয়ের ওপর ভিত্তি করে, যা ২০২২ সালে প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল।

এ টুলের মাধ্যমে অ্যাপগুলো যে কোনো নির্দিষ্ট কাজ, যেমন খাবার অর্ডার করতে ও তা অপারেটিং সিস্টেমে দেখাতে পারবে। ব্যবহারকারীদের জন্য এতে কোনো প্রযুক্তিগত জটিলতাও থাকবে না।

ব্যবহারকারীরা খুব সহজেই সিরিকে তাদের নেওয়া টেকঅ্যাওয়ে খাবারের অর্ডারের আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন ও সঙ্গে সঙ্গে হালনাগাদ তথ্য পেয়ে যাবেন।

আইওএস ২৭.৩-এর আগাম সংস্করণের অংশ হিসেবে নতুন ফিচারটি এখন ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকদের জন্য এটা পেতে আরও ‘কয়েক মাস’ অপেক্ষা করতে হবে।

অ্যাপল বলেছে, আগামী ‘বসন্তকালে’ ডেভেলপাররা এসব ফিচারওয়ালা অ্যাপ জমা দিতে পারবেন।

নতুন ফিচারটি পুরোপুরি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর ওপর নির্ভর করবে। ফলে এটা ব্যবহার করতে আইফোন লাগবে, যা কোম্পানিটির এসব এআই ফিচার সমর্থন করে ও ভাষা হিসেবেও তা এআই সমর্থিত হতে হবে।

‘ইউরোপীয় ইউনিয়ন’ বা ইইউ-এর কঠোর বিধিনিষেধ ও আইনগত জটিলতার কারণে ইউরোপের বাজারে সুবিধাটি এখনই পাওয়া যাবে না।

অ্যাপল বলেছে, ইউরোপীয় কর্তৃপক্ষের সঙ্গে ‘গঠনমূলকভাবে কাজ করছে’ তারা, যাতে ‘পরবর্তী উপায় বা সমাধান খুঁজে বের করা সম্ভব হয়’।