গান গেয়ে ভিডিও করা যাবে অ্যাপল মিউজিকের নতুন ফিচারে
ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি স্ক্রিনে ভেসে ওঠা গানের কথার সঙ্গে নিজেদের ভিডিও রেকর্ড করতে পারবেন।
অন্য কোনো অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি কারাওকে গাওয়ার সময় ভিডিও রেকর্ড করার নতুন ফিচার আনছে অ্যাপল মিউজিক।
প্রযুক্তি সাইট ম্যাকরিউমমার্স প্রতিবেদন লিখেছে, ২০২২ সালে চালু হওয়া জনপ্রিয় কারাওকে ফিচার ‘সিং’-এরই এক উন্নত সংস্করণ এই নতুন ফিচার, যার নাম ‘সেলফি সিং’।
ফিচারটি আসছে ‘আইওএস ২৭.৩’ আপডেট সংস্করণের সঙ্গে, যা বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি রিয়াল-টাইমে স্ক্রিনে ভেসে ওঠা গানের কথার সঙ্গে নিজেদের ভিডিও রেকর্ড করতে পারবেন।
তবে ফিচারটি মিউজিক সার্ভিসের গোটা ক্যাটালগের জন্য উন্মুক্ত নয়, বরং এর জন্য নির্দিষ্ট প্লেলিস্ট রয়েছে।
অ্যাপল বলেছে, “এমন কিছু গান থাকে, যা সবারই মুখস্থ, যেসব গান বাজলেই আশপাশের সবাই কোরাস গেয়ে ওঠে। প্লেলিস্টটি এমন সব গানে ভরপুর, যার প্রতিটি আপনার পরবর্তী সেলফি সিংয়ের জন্য উপযোগী।”
কোনো একটি গান বেছে নিয়ে ক্যামেরা অন করলেই শুরু হয়ে যাবে ভিডিও রেকর্ডিং।
ভিডিওটি সেইভ করা বা বন্ধুদের সঙ্গে শেয়ার করার আগে চাইলে নিজের কণ্ঠের আওয়াজ বা এতে বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারেন ব্যবহারকারী।
ফিচারের বিভিন্ন অপশনের মধ্যে রয়েছে ‘মেগাফোন’, ‘ইকো’, ‘কনসার্ট হল’ ও ‘স্টুডিও’।
এরইমধ্যে ডাউনলোডের জন্য ‘আইওএস ২৭.৩’ বিটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। আপডেটটি আইফোনে নতুন কিছু সিরি এআই ফিচার ও নতুন নকশার ‘হেলথ’ অ্যাপ নিয়ে আসবে।
নতুন মোবাইল অপারেটিং সিস্টেমটি এ বছরের ডিসেম্বরের দিকে আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত হতে পারে।
