১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দিনাজপুরের গোর এ শহীদ ময়দান উন্মুক্ত করার দাবি, ঢাকায় মানববন্ধন

ঐতিহ্যবাহী এই মাঠ দিনাজপুরবাসীর জন্য ‘অক্সিজেনের মতো’, বলেন হারুনুর রশিদ রাজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:17 PM

Updated : 14 Nov 2026, 10:17 PM

দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান জনসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকায় দিনাজপুর জেলা সমিতি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি হারুনুর রশিদ রাজা বলেন, ঐতিহ্যবাহী এই মাঠ দিনাজপুরবাসীর জন্য ‘অক্সিজেনের মতো’।

“প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মাঠের সঙ্গে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের মানুষের শৈশব, কৈশোর, তারুণ্য এবং সামাজিক-সাংস্কৃতিক জীবনের অসংখ্য স্মৃতি। দীর্ঘদিন ধরে মাঠটি দিনাজপুরবাসীর খেলাধুলা, শরীরচর্চা, ঈদের জামাত, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন মেলা আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।”

বর্তমানে মাঠটির ব্যবহার সীমিত হয়ে পড়ায় সাধারণ মানুষের অবাধ প্রবেশ, খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাঠটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান সংগঠনের সহ-সভাপতি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-দিনাজপুর সমিতির অপর সহ-সভাপতি ও সরকারি বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ মো. আশফাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও এটিএন বাংলার চিফ রিপোর্টার হুমায়ুন চিস্তি, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান বাবু, গোর এ শহীদ ময়দান উদ্ধার কমিটির সদস্য সচিব রাহাতুল ইসলাম খোকা ও নির্বাহী সদস্য মেহেরুল ইসলাম।

মানববন্ধনে ঢাকায় থাকায় দিনাজপুরের ১৩ উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।