২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের যে অভিনেতার ‘ভক্ত’ অমিতাভ

“যে কোনো চরিত্রে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেন ধানুশ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 08:38 PM

Updated : 26 Nov 2026, 08:38 PM

বলিউডকে দশকের পর দশক ধরে শাসন করা অমিতাভ বচ্চনের ভক্তকূল অগুনতি। তবে তিনিও এক অভিনেতার ভক্ত। যার সঙ্গেও পর্দায় কাজও করেছেন বিগ বি।

সেই অভিনেতা হলেন ধানুশ, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তার তুমুল জনপ্রিয়তা।

কদিন আগে কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতির’ মঞ্চে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় ধানুশের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন অমিতাভ।

অমিতাভ বলেন, “ধানুশ খুব গুণী শিল্পী। একেবারে অসাধারণ। যে কোনো চরিত্রে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেন তিনি। আমি তার একজন বড় ভক্ত।”

অভিনয়ের পাশাপাশি ধানুশের নাচের দক্ষতারও প্রশংসা করেন অমিতাভ। ‘শামিতাভ’ সিনেমায় দক্ষিণের এই অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে ‘সৌভাগ্য’ বলে মনে করেন অমিতাভ। ‘শামিতাভ’ মুক্তি পায় ২০১৫ সালে।

বিগ বির কথায়, “তার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছিলাম। এরপর তার সঙ্গে দেখা হল, একসঙ্গে কাজ করলাম। বুঝতে পারলাম সত্যিই উনি একজন অনন্য সাধারণ শিল্পী।”

চলতি মাসের ২০ তারিখে মুক্তি পেয়েছে ধানুশের ‘ওম: চ্যাপ্টার ১ - উধিরাম: দ্য ব্লাড উড’। এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঁই পল্লবী, মামুট্টি, শ্রীলীলা এবং নাসিরুদ্দিন শাহ।

কিছুদিন আগে শোনা গিয়েছিল রাজনীতিতে আসছেন ধানুশ। তার ফ্যান ক্লাবগুলোর সাংগঠনিক কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।

ধানুশের রাজনীতিতে প্রবেশের গুঞ্জন নিয়ে ক্ষমতাসীন দল ডিএমকে বলেছে, যে কেউ রাজনীতিতে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।

পুরনো খবর:

‘বেবি’র দৌরাত্ম্যে 'শামিতাভ'-এর মন্দা
ধানুশ+অমিতাভ=‘শামিতাভ’