‘বেবি’র দৌরাত্ম্যে 'শামিতাভ'-এর মন্দা
বছরের প্রথম ব্লকবাস্টার হিট সিনেমার দেখা পেতে চলেছে বলিউড। মুক্তির তিন সপ্তাহের মাথায় আকশায় কুমার অভিনীত ‘বেবি’ আয় করে নিয়েছে ৯০ কোটি রুপির বেশি।
এদিকে ‘বেবি’র মতো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় বক্স-অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না অমিতাভ বচ্চন এবং ধানুশ অভিনীত সিনেমা ‘শামিতাভ’। আর বাল্কি পরিচালিত সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হলেও মুক্তির পাঁচ দিনে আয় করেছে মাত্র ১৬ কোটি রুপি।
ব্যাপক প্রচার সত্ত্বেও ব্যবসা খারাপ হওয়াটা ভাবিয়ে তুলেছে ‘শামিতাভ’-এর নির্মাতাদের। অবশ্য সিনেমার বাজেট ২৫ কোটি রুপি হওয়ায় আয়ের এই গতি ধরে রাখতে পারলেই মূলধন উঠে আসবে বলে আশা করছেন প্রযোজকেরা।
নিরাজ পান্ডে পরিচালিত অ্যাকশন সিনেমা ‘বেবি’র শুরুটা ভালো না হলেও উত্তরোত্তর বেড়েছে সিনেমাটির আয়। মুক্তির ১৯ দিনের মাথায় সিনেমাটির আয় এখন সাড়ে ৯১ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকেরা আশা করছেন আর এক সপ্তাহের মাঝেই সিনেমটি নাম লেখাবে ১০০ কোটির ক্লাবে।
তবে ‘বেবি’ এবং ‘শামিতাভ’- দুই সিনেমাকেই কড়া টক্কর দেবে জ্যাকুলিন ফার্নান্দেজ, রানবির কাপুর এবং অর্জুন রামপাল অভিনীত ‘রয়’ সিনেমাটি। আসছে শুক্রবারেই মুক্তি পাবে সিনেমাটি।
