২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালীও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 02:22 PM

Updated : 21 Nov 2026, 02:22 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ দুইজনের মধ্যে একজন মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৪০ বছর বয়সি পাশা মারা যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই ঘটনায় দগ্ধ রঞ্জিত (৪৫) নামের অপর এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শুক্রবার রাত আড়াইটার দিকে ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ রঞ্জিতকে ‘সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে’ বলে জানিয়েছেন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।