২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের পর চলে গেল দেড় বছরের সন্তান

শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:00 AM

Updated : 21 Nov 2026, 11:00 AM

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে মায়ের পর দেড় বছরের সন্তানও মারা গেছে।

শনিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেড় বছর বয়সি আর এস রহমান মারা যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছিলেন শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।

শিশুটির মা গৃহবধূ সাবা (৩০) মারা যান শুক্রবার। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবার স্বামী আবদুর রহমানসহ (২৯) আরও তিনজন। আবদুর রহমানের শরীর পুড়েছে ৬ শতাংশের মত।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় সাবাসহ তার পরিবারের ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, “দগ্ধ ৫ জনের মধ্যে সাবার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।

চিকিৎসাধীন বাকিরা হলেন- সানজিদা (২০), শামসুন নাহার (৫০)। শামসুন নাহার মেয়ে সানজিদাকে নিয়ে ওই বাসায় সাবলেট থাকতেন।

এর মধ্যে সানজিদার শরীরের ৩৭ শতাংশ ও শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তাদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন :

কাঁঠালবাগানে গ্যাসের আগুনে দগ্ধ ৫

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক দেড় বছরের সন্তান ও স্বামী